লাদেন হত্যার মওকা পেয়েছিলেন ক্লিনটনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইন টাওয়ার । ছবি : রয়টার্স
টুইন টাওয়ার । ছবি : রয়টার্স

আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার সুযোগ পেয়েছিলেন বিল ক্লিনটন। কিন্তু নিরীহ নারী ও শিশুদের প্রাণহানী এড়াতে সুযোগ পেয়েও তিনি লাদেনকে হত্যার নির্দেশ দেননি।
টুইন টাওয়ারে হামলার মাত্র ঘণ্টা কয়েক আগে বিল ক্লিনটন একটি ভাষণে এমনটাই দাবি করেছিলেন। ২০০১ সালে টুইন টাওয়ারে হামলা চালানোর এক দিন আগে ১০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে ভাষণ দেন ক্লিনটন। স্কাই নিউজ ওই ভাষণের অডিও টেপ চলতি সপ্তাহে প্রকাশ করেছে।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানায়।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের লিবারেল পার্টির তত্কালীন প্রাদেশিক প্রধান মাইকেল ক্রোগারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ক্লিনটনের অনুমতি নিয়েই মেলবোর্নের ইনভেস্টমেন্ট ব্যাংকের কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে দেওয়া ভাষণ রেকর্ড করেছিলেন তিনি। সেখানে প্রায় ৩০ জন অতিথি ছিলেন।
ভাষণে ক্লিনটন বলেন, ‘ওসামা বিন লাদেন খুবই চতুর ব্যক্তি। তাঁর ব্যাপারে চিন্তা করে আমি অনেক সময় ব্যয় করেছি। একবার তাঁকে হত্যা করার সুযোগও পেয়েছিলাম। কিন্তু তাঁকে হত্যা করলে আফগানিস্তানের ছোট্ট শহর কান্দাহারকে ধ্বংস করতে হতো। এতে প্রায় ৩০০ জন নিরপরাধ নারী ও শিশুর প্রাণহানি ঘটত। কিন্তু আমি তা চাইনি। আর এ কারণেই শেষ পর্যন্ত লাদেনকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়নি।’

এই ভাষণের ঠিক এক দিন পরেই যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে আল-কায়েদা হামলা চালায়। সে সময় ক্লিনটন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন না।
টুইন টাওয়ার হামলার প্রায় ১০ বছর পরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিলের হাতে নিহত হন ওসামা বিন লাদেন। আর এই নির্দেশের কারণে ওবামাকে অভিনন্দন জানিয়েছেন ক্লিনটন।