লাভজনক বছর কাটাল ওয়াশিংটন পোস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো সংবাদপত্রের জন্যই খবরটি উৎসাহজনক, বিশেষ করে ছাপা পত্রিকার ক্ষেত্রে।
২০১৬ সালটি লাভজনক একটি বছর হিসেবে শেষ করছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট। একই সঙ্গে আকারে-প্রকারে বড় হচ্ছে প্রতিষ্ঠানটি।
খবরটি নিজেই জানিয়েছেন পোস্টের প্রকাশক ফ্রেড রায়ান।
প্রচারসংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটির যাত্রা শুরু হয়েছিল ১৩৯ বছর আগে, ১৮৭৭ সালের ৬ ডিসেম্বর।
যুক্তরাষ্ট্রের মাসিক ‘ওয়াশিংটনিয়ান’ সাময়িকীতে ১৩ ডিসেম্বর খবরটি ছাপা হয়েছে।
বছর শেষের স্মারকে কর্মীদের উদ্দেশে রায়ান বলেন, ওয়াশিংটন পোস্ট একটি লাভজনক ও অগ্রসরমাণ প্রতিষ্ঠান হিসেবেই বছরটি শেষ করছে। পত্রিকা বিক্রি থেকে পাওয়া বর্ধিত রাজস্ব পত্রিকার স্থিতিকে সমৃদ্ধ করেছে। দ্বিগুণ হয়েছে ডিজিটাল সংস্করণ থেকে পাওয়া আয়। এ ছাড়া জানুয়ারি থেকে এই সংবাদ প্রতিষ্ঠানটির সামগ্রিক গ্রাহক বেড়েছে ৭৫ শতাংশ।
রায়ান জানাচ্ছেন, ওয়াশিংটন পোস্টের অনলাইনে ২০১৫ সালের তুলনায় পাঠক বেড়েছে ৫০ শতাংশ। আর অনলাইনে বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে সর্বোচ্চ ৪০ শতাংশ।
ওয়াশিংটন পোস্ট একটি বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। অবশ্য তারা আর্থিক লাভালাভের খুঁটিনাটি বিস্তারিত প্রকাশ করেনি।
রায়ান বলেন, ওয়াশিংটন পোস্টের বার্তাকক্ষ আগামী বছর আরও বড় হবে। জোর দেওয়া হবে ভিডিওর ক্ষেত্রে। ‘ব্রেকিং নিউজ’ বা তাৎক্ষণিক ঘটনা দেওয়ার জন্য আরও শক্তি বিনিয়োগ করা হবে। অ্যালার্ট এবং নিউজলেটারের জন্য অতিরিক্ত কর্মী কাজ করবে।
বক্তব্যে রিপোর্টিং, বিশেষ করে রাজনৈতিক বিট, সম্পাদকীয় বিভাগ, বিক্রয় বিভাগ ও প্রকৌশল বিভাগের কাজের প্রশংসা করেন ফ্রেড রায়ান।
রায়ান বলেন, ওয়াশিংটন পোস্ট গত বছর অনলাইনে সব রেকর্ড ভেঙে দিয়েছে। পেছনে ফেলেছে প্রথাগত প্রতিদ্বন্দ্বী এবং শীর্ষস্থানীয় ডিজিটাল ওয়েবসাইটগুলোকে। পোস্টের মাসে ইউনিক ভিজিটর শুধু যুক্তরাষ্ট্রেই ১০০ মিলিয়ন বা ১০ কোটি। আর বিশ্বব্যাপী তা ৩০ মিলিয়ন বা ৩ কোটি। গত বছরের তুলনায় এ বছর পাঠক বেড়েছে ৫০ শতাংশ। এর ভেতর দিয়ে ওয়াশিংটন পোস্টের সাংবাদিকতা জাতীয় ও বৈশ্বিক পাঠকের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে যাচ্ছে।

ফ্রেড রায়ান বলেন, ‘আমাদের বার্তাকক্ষ গত বছরের তুলনায় এ বছর আরও বড় হয়েছে। আগামী বছর এর কলেবর আরও বাড়বে। এর মধ্যে আমাদের শক্তিশালী অনুসন্ধান দলকে আরও জোরদার করা হবে। আমরা ভিডিও সাংবাদিকতাকে আরও বড় করব।’

বক্তৃতার শেষে সব কর্মীকে ধন্যবাদ জানান প্রকাশক রায়ান।