লায়ন্স ক্লাবের ১০০ বছর উদ্যাপন বাংলাদেশিদের

নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাব লায়ন্স ইন্টারন্যাশনালের শত বছর পূর্তি উদ্যাপন করেছে। ১০ জুলাই দুপুরে বাংলাদেশ ও মূলধারার বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও বেশ কয়েকটি লায়ন্স ডিস্ট্রিক্টের গভর্নরদের নিয়ে এই পূর্তি অনুষ্ঠানের আয়োজন করেন ক্লাবের প্রেসিডেন্ট শাহ নাওয়াজ ও সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল।
জ্যাকসন হাইটসের পালকি মিলনায়তনে আয়োজিত মধ্যাহ্নভোজের আগে সব লায়ন গভর্নর ও লায়ন ক্লাব সদস্যদের স্বাগত জানান ক্লাব প্রেসিডেন্ট শাহ নাওয়া। তিনি অনুষ্ঠানে বাংলাদেশের ও মূলধারার সব সদস্যকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, মহান সেবার ব্রত নিয়ে বিশ্বের সব লায়ন ক্ষুধা, দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগের শিকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শাহ নাওয়াজ বলেন, একইব্রত নিয়ে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরাও দেশে ও প্রবাসে কাজ করছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আশা লায়ন্স ইন্টারন্যাশনালের গভর্নর রবিউল হক ও অন্যান্য লায়ন্স ক্লাবের প্রতিনিধিরা বক্তৃতা করেন। তাঁরা নিউইয়র্ক থেকে বিশ্বব্যাপী সেবার ব্রত নিয়ে আরও পাঁচটি নতুন লায়ন্স ক্লাব করার কথা ঘোষণা করেন। এই লায়ন্স ক্লাবগুলো সব নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ২০ আর ২-এর আওতায় কাজ করবে। সব শেষে সম্পাদক আসিফ বারি সমাপনী বক্তৃতা করে সবাইকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান।