লিজি ভালসাকেজ: একজন সংগ্রামী মানুষ

হাইস্কুলে পড়ার সময় তাঁকে নিয়ে তৈরি হয়েছিল আট মিনিটের ইউটিউব ভিডিও। যুগের সভ্যতা তাঁর নাম দিয়েছিল বিশ্বের কুৎসিত মেয়ে বা আগলিয়েস্ট গার্ল। তিনি লিজি ভালসাকেজ। এখন তাঁর বয়স ২৩ বছর। চেহারা দেখতে রীতিমতো ভয়ংকর। ভিডিওটি ব্রডকাস্ট হওয়ার পর অনেকে তাঁকে আত্মহত্যা করার পরামর্শ দিয়েছিল। সেই সব নেতিবাচক কথা কানে না নিয়ে নিজের জীবনের চারটি লক্ষ্য স্থির করে ফেলেছিলেন লিজি।
প্রথমত, একজন সুবক্তা হওয়া, দ্বিতীয়ত, নিজের লেখা বই প্রকাশ করা, তৃতীয়ত, স্নাতক ডিগ্রিলাভ ও নিজের ক্যারিয়ার ও পরিবার গঠন করা। সেই লক্ষ্যকে পুঁজি করেই গত সাত বছরে দু’শোরও বেশি ওয়ার্কশপে বক্তৃতা দিয়েছেন তিনি। কীভাবে অভিনবত্বকে স্বীকৃতি দিতে হয়, বিঘ্ন পেরিয়ে কীভাবে জীবনকে গ্রহণ করতে হয়, আত্মবিশ্বাস অর্জন ও নিজেকে ভালোবাসতে হয়, এই সাত বছর ধরে সেই বিষয়ের ওপরই মোটিভেশনাল বক্তৃতা দিয়ে চলেছেন লিজি। মানুষ প্রচণ্ডভাবে প্রভাবিত হয়েছেন তাঁর আত্মবিশ্বাস অনুধাবন করে।
তেইশ বছরের এই মার্কিন নারী এক বিরল কনজেনিটাল রোগে আক্রান্ত। তাঁর শরীরে নেই কোনো অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যু না থাকার ফলে শরীরে তৈরি হয় না কোনো পেশি, সঞ্চিত হয় না শক্তি, বাড়ে না ওজনও। এই তেইশ বছর বয়সেও তার ওজন মাত্র ৬০ পাউন্ড অর্থাৎ ২৭ কেজি। সম্পূর্ণ মেদবিহীন শরীরের লিজির ভিডিও প্রকাশ হওয়ার পর তিনি প্রহসনের শিকার হয়েছিলেন। তাঁর চেহারায় বিকৃত মন্তব্য জুড়ে দিয়েছিলেন অনেকেই। লিজি এসব পরিস্থিতিকে ভ্রুক্ষেপ করে এগিয়ে গিয়েছেন স্বীয় উদ্যমে। পরিবারে একমাত্র অসুস্থ সন্তান তিনি। মা, বাবা, ভাই-বোনের সামগ্রিক সমর্থন ও সাহায্য লিজিকে বিপুল সাহস জুগিয়েছে।
এ বছরই প্রকাশিত হয়েছে তাঁর তৃতীয় বই ডেয়ার টু বি কাইন্ড। সান মার্কোজের টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন লিজি। সান মার্কোজেই নিজের এক প্রিয় বন্ধুর সঙ্গে থাকেন তিনি। ২০১০ সালে দৃষ্টিনন্দিত প্রচ্ছদে প্রকাশিত হয় তাঁর প্রথম বই ‘লিজি বিউটিফুল’।
২০১২ সালে প্রকাশিত হয় দ্বিতীয় বই ‘বি বিউটিফুল, বি ইউ’।
জন্মের সময় চার সপ্তাহের প্রি-ম্যাচিওর ছিলেন লিজি। ওজন ছিল মাত্র ২ পাউন্ড, ১০ আউন্স। লিজির মা রিতা জানান, লিজি এতই ছোট ছিল যে তার জন্য পুতুলের জামা কিনতে হতো। চিকিৎসকেরা জানিয়েছিলেন লিজি কোনো দিনই হাঁটাচলা করতে পারবেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে লিজির শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, মস্তিষ্ক ও অস্থির গঠন স্বাভাবিকভাবেই বাড়তে থাকে। শরীরে শক্তি সঞ্চিত না হওয়ার কারণে প্রতি ১৫-২০ মিনিটে খেতে হয় তাঁকে। চার বছর বয়স থেকেই ঝাপসা হয়ে যেতে থাকে তাঁর দৃষ্টি। এক চোখে সম্পূর্ণ অন্ধকার নেমে আসে। অন্য চোখের দৃষ্টিও ক্রমাগত ঝাপসা হয়ে আসতে থাকে। কিন্তু এতেও থেমে যায়নি লিজির জীবনী শক্তি। অথচ সামান্য বাঁধাতেই আমরা হারিয়ে ফেলি উদ্দীপনা। আমাদের নিজেদের সৌন্দর্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি। জন্মগতভাবে যথোচিত পঞ্চ ইন্দ্রিয়ের অধিকারী হয়েও পরশ্রীকাতরতায় ভুগি লিজি ইতিমধ্যেই একজন অনুকরণীয় চরিত্র হিসেবে আলোড়ন সৃষ্টি করেছেন বিশ্বের অনেক ভাগ্যবিড়ম্বিত নারীর কাছে। সম্প্রতি তিনি বিয়েও করেছেন। লিজির সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি ফেসবুকে নিজস্ব পেজে নিজের বই সম্পর্কিত তথ্য ও ভিডিও পোস্ট করেছেন লিজি, মানুষ তাঁকে জানুক, বন্ধুত্বের হাত প্রসারিত করেছেন তিনি। তাঁর অবয়ব অথবা দৈহিক সীমাবদ্ধতা তাঁর বিকাশে কোনো বাধাই সৃষ্টি করতে পারেনি।