লিবিয়া নিয়ে জরুরি বৈঠকে বিশ্বনেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় দীর্ঘদিন ধরে চলা সংঘাতের সমাধান খুঁজতে আলোচনায় বসেছেন বিশ্বনেতারা। লিবিয়ায় যুদ্ধরত দুই পক্ষের নেতারা জার্মানির বার্লিনে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেছেন।
১৯ জানুয়ারি বার্লিনে এক জরুরি বৈঠকে মিলিত হন বিশ্বনেতারা। সম্মেলনের আয়োজক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল আলোচনা সভা শুরু করেন। এতে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর, আলজেরিয়া, চীন ও কঙ্গো প্রজাতন্ত্রের প্রতিনিধিসহ জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আফ্রিকান ইউনিয়ন ও আরব লীগের নেতারাও উপস্থিত ছিলেন।
ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার জাতীয় সরকারের প্রধানমন্ত্রী ফায়াজ আল-সারাজ ও বেনগাজিভিত্তিক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারও আলোচনায় অংশ নেন। লিবিয়ার দীর্ঘমেয়াদি সংকট নিরসন সহজ নয়। দেশটির জনসংখ্যার ৬০ শতাংশের নিয়ন্ত্রণে রয়েছে ফারাজ আল-সারাজ সরকার। আর ভূমির ৭০ শতাংশ নিয়ন্ত্রণ খলিফা হাফতারের হাতে। আর দেশের বাইরেও রয়েছে অনেকগুলো পক্ষ। এর মধ্যে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, সৌদি আরব, ইউএই উল্লেখযোগ্য। গত বছরের শেষ দিকে সারাজ সরকারের পক্ষ নিয়ে লিবিয়ায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করে তুরস্ক। একই অবস্থানে রয়েছে রাশিয়াও। তারা হাফতারকে যুদ্ধবিরতির চুক্তিতে সইয়ের জন্য চাপ দিয়েছে। কিন্তু সৌদি আরব ও ইউএই চায় সামরিক সমাধান। মূলত তুরস্ক যেন শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব না পায়, তা-ই তাদের লক্ষ্য। এ অবস্থার মধ্যেই চলছে আলোচনা।