জাতিসংঘের প্রস্তাবিত অস্ত্রবিরতি লঙ্ঘন করে লিবিয়ায় সরকারি বাহিনী ও কট্টর ইসলামপন্থী বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে। দুই পক্ষকে শিগগির এ লড়াই বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমী মিত্ররা। খবর বিবিসি ও আল-জাজিরার।
লিবিয়ায় গত কয়েক দিনের লড়াইয়ে বেশ কয়েকজন নিহত হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পশ্চিমা দেশগুলোর বিবৃতিতে বলা হয়, দুই পক্ষই অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। এটা উদ্বেগজনক। লিবিয়ার চলমান সংকট ‘সামরিক শক্তি প্রয়োগে’ মোচন করা সম্ভব নয় বলে এতে উল্লেখ করা হয়।
লিবিয়ায় এখন দুটি প্রতিদ্বন্দ্বী সরকার রয়েছে। গত আগস্টে দেশের পশ্চিমাঞ্চলের মিসরাতা শহর থেকে আসা সশস্ত্র কয়েকটি দল রাজধানী ত্রিপোলি দখল করে। এতে প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল-থিন্নির সরকার পূর্বদিকে চলে যেতে বাধ্য হয়।
মার্কিন নেতৃত্বাধীন অভিযানের সহায়তায় লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালে ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় অস্থিতিশীলতা চলছে।