লিমোজিনে দুর্বিষহ ক্যাবিদের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের একটি রাস্তায় কয়েকটি লিমোজিন
নিউইয়র্কের একটি রাস্তায় কয়েকটি লিমোজিন

অসাধু হোটেল কর্মচারীদের যোগসাজশে নিউইয়র্কের শত শত হোটেল যাত্রী নিয়মিত কালো লিমোজিন ব্যবহার করছে। এতে বৈধ ট্যাক্সিক্যাব চালকেরা ন্যায্য আয় থেকে বঞ্চিত হচ্ছে। ট্যাক্সিক্যাব ও লিমোজিন কমিশনের লাইসেন্সপ্রাপ্ত হাজার হাজার ক্যাবচালকের বঞ্চিত করছে একদল অসাধু হোটেল কর্মচারী। সম্প্রতি নানা কারণে ট্যাক্সিক্যাব চালকদের যে দুঃসময় চলছে, তা দূর করতে অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবি তুলেছে সাধারণ ক্যাবিরা।
নিউইয়র্ক নগরের সর্বত্র আবাসিক হোটেল। ট্যাক্সিক্যাবের বেশির ভাগ যাত্রীর উঠানামা হয় এসব আবাসিক হোটেলকে কেন্দ্র করে। লক্ষ্য করলেই দেখা যায়, আবাসিক হোটেলের লোডিং জোনে ৪/৫টি করে কালো রঙের লিমোজিন গাড়ি দাঁড়িয়ে আছে। এসব হোটেল ব্যবস্থাপনায় জড়িত লোকজনের সঙ্গে রয়েছে এসব অপেক্ষমাণ লিমোজিন চালকদের গোপন যোগাযোগ। দারোয়ান, বেলম্যানসহ ক্ষেত্র বিশেষে হোটেল ব্যবস্থাপনার অন্যান্য কর্মচারীর সঙ্গে অসাধু লিমোজিন চালকদের সঙ্গে রয়েছে লেনদেনের বোঝাপড়া। এ বোঝাপড়ার সূত্র ধরে গোপনে ট্রিপ প্রতি ৫, ১০ এমনকি ২০ ডলারের লেনদেন হয়। হোটেল কর্মচারীদের যোগসাজশে হোটেল থেকে বিমানবন্দরের যাত্রী, এমনকি দূরপাল্লার ট্রিপের মধ্যে আশপাশের রাজ্য নিউজার্সি, কানেকটিকাটের যাত্রীদের গোপন যোগাযোগের মাধ্যমে লিমোজিন চালকদের ধরিয়ে দেওয়া হয়। কখনো কখনো এ ক্ষেত্রে গোপন কমিশনের হার ট্রিপ থেকে পাওয়া ভাড়ার ২০ থেকে ৩০ শতাংশ। এ ক্ষেত্রে নিউইয়র্ক নগরের যাত্রী পরিবহনের নিয়মনীতির লঙ্ঘন ঘটছে।

নিউইয়র্ক নগরের ক্যাব চালকদের এখন দুর্দিন চলছে। মহাসংকটের মধ্যে পেশাগত জীবনের কঠিন সময় পার করছেন তাঁরা। স্বাধীন পেশা হিসেবে ক্যাবচালক পেশাকে বেছে নিয়েছিলেন অনেকেই। হাজার হাজার বাংলাদেশি তিন দশক ধরে এই পেশায় নিউইয়র্ককে সরগরম করে রেখেছেন। বাধাধরা অন্য পেশায় না জড়িয়ে ভালো উপার্জন করেছেন। স্বজনদের জন্য দেশে অর্থ পাঠিয়েছেন। প্রবাসে পরিবার-সংসার চালিয়েছেন সচ্ছলতার সঙ্গে। ক্যাব চালিয়ে উপার্জনের অর্থ দিয়ে সন্তানদের কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। অনেকেই ছাত্রাবস্থায় লেখাপড়ার ফাঁকে সপ্তাহে ২/৩ দিন ক্যাব চালিয়েছেন। উবার, লিফট নামের প্রযুক্তি নির্ভর ক্যাব চালু হওয়ার আগে তিন রাত কাজ করলে সহজেই উপার্জন করা গেছে এক হাজার ডলার। যারা সপ্তাহে পাঁচ দিন কাজ করেছেন, তারা উপার্জন করেছেন সপ্তাহে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত। এখন পুরো শিফট গাড়ি চালিয়ে ক্যাবিরা ঘণ্টায় ন্যূনতম মজুরি ১০ ডলারও আয় করতে পারছেন না।
ইয়েলো ক্যাব নামের নিউইয়র্কের সুপরিচিত ট্যাক্সিক্যাব খাত এখন মৃত। লাখ লাখ ডলারের মেডেলিয়ানের মূল্য এখন তলানিতে নেমেছে। অনেক মেডেলিয়ান মালিক তাদের মেডেলিয়ান ফিরিয়ে দিয়েছেন। অনেকেই নিজেদের দেউলিয়া ঘোষণা করছেন। ব্যাংকের ঋণ আর চুক্তির মারপ্যাঁচে অনেকেই আটকা পড়ে চোখে সরষে ফুল দেখছেন।
অসহায় ক্যাবিদের বেহাল অবস্থা দেখার যেন কেউ নেই। মূলত এ পেশায় অভিবাসীরা যুক্ত থাকায় এঁদের দেখারও কেউ নেই এখন। অবস্থা এমন হয়েছে, হয় টিকে থাকো, নইলে পালিয়ে বাঁচো। ক্যাবিদের এই বেহাল অবস্থার প্রভাব পড়ছে প্রবাসী পরিবারে। আগে দেখা যেত, পরিবারের সন্তানদের ভালো স্কুলে দেওয়ার জন্য প্রাইভেট টিউশনির ওপর জোর দিতেন প্রবাসীরা। সংসারের ব্যয় সামাল দিতে এ খাতে এখন সাশ্রয়ে নামতে হচ্ছে তাদের। আগে বছর বছর পরিবার নিয়ে দেশে যেতেন। প্রবাসে পরিবারের ব্যয় সামাল দিয়ে দেশে অর্থ পাঠানো বা দেশে বেড়াতে যাওয়া এখন ক্যাবিদের জন্য অসম্ভব হয়ে উঠেছে।
সমস্যা বাড়লেও হয়রানি কমেনি। হঠাৎ করেই যেন সব বদলে গেছে। নিউইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশনের ক্রাইম ইউনিটের শত শত গাড়ি ২৪ ঘণ্টা নগরে টহল দিচ্ছে। পান থেকে চুন খসলেই হলুদ বাতি, লাল বাতি জ্বলে উঠছে। কর্কশ ভাষা কর্মকর্তাদের মুখে। অনুনয়-বিনয় করে আর কোনো লাভ হয় না। ধরিয়ে দেওয়া হয় সমন বা টিকিট। জরিমানার গুনতে গিয়ে পুরো সপ্তাহের আয় চলে যাচ্ছে ক্যাবিদের।
অনেক বিড়ম্বনার পরও ক্যাব চালানোর পেশায় টিকে থাকার চেষ্টা করছেন নিরুপায় ক্যাবিরা। আশায় বুক বেঁধে আছেন, শীত গেলে গ্রীষ্ম আসবে। গ্রীষ্মের আবহাওয়ায় বিদেশ থেকে পর্যটকেরা আসবে। নগরে জনকোলাহল বাড়বে। গ্রীষ্মের টালমাটাল ক্যাব ব্যবসার ক্যাবচালক আশা করেন, শীতকাল আসবে। শীতে মানুষ হাঁটা চলাচল কম করে। উৎসবের মৌসুম থাকে। এমন আশা-নিরাশার দোলাচলে গত কয়েক বছর ধরে স্বপ্নের শহরে চলছে ক্যাব চালকদের জীবন।
ক্ষুব্ধ ক্যাবচালকেরা হোটেলগুলোর ওপর টিএলসি ক্রাইম ইউনিটের নজরদারি বাড়ানোর দাবি করেছে। হোটেলের লোডিং জোনে ২/৩ ঘণ্টা অপেক্ষা করে ক্যাব চালকেরা একটি ভালো ট্রিপ পাচ্ছেন না। অথচ হোটেলের অসাধু দারোয়ান, বেলম্যানসহ অন্য কর্মচারীদের গোপন সমঝোতায় হোটেলের নিজস্ব গাড়ি বলে চালিয়ে দিচ্ছে লিমো সার্ভিসের গাড়ি। ট্যাক্সি ও লিমোজিন সার্ভিসের ক্রাইম ইউনিটের লোকজন নজরদারি বৃদ্ধি করলেই ক্যাব চালকদের পেশায় টিকে থাকার সংগ্রামে কিছুটা হলেও স্বস্তি আসতে পারে।