লুইজিয়ানার হামলাকারী সাবেক মেরিন সেনা ভিডিওতে ক্ষোভ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রুজ শহরে রোববার গুলি করে পুলিশের তিন সদস্যের সন্দেহভাজন হত্যাকারী ব্যক্তি ছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর সাবেক মেরিন গ্যাভিন লং। হামলার পরপরই যিনি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন।
পুলিশ জানায়, এই ব্যক্তি ভিডিও, আলোকচিত্র ও লেখালেখির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ আফ্রিকান-আমেরিকানদের বিরুদ্ধে পুলিশের ‘বিদ্যমান অবিচারের’ তীব্র প্রতিবাদ জানান।
সন্দেহভাজন গ্যাভিন লং মিসৌরি অঙ্গরাজ্যের ক্যানসাস শহরের বাসিন্দা, ২০০৫ সালের আগস্ট থেকে ২০১০ সালের আগস্ট পর্যন্ত ছিলেন মেরিনে।
কৃষ্ণাঙ্গদের সঙ্গে পুলিশের অন্যায়ের বিরুদ্ধে এক সপ্তাহ আগে ধারণকৃত এক ভিডিও বার্তায় গ্যাভিন লংকে বলতে শোনা গেছে, ‘আপনাদেরও এর জন্য লড়তে হবে।’ যুক্তরাষ্ট্রে আফ্রো-আমেরিকানদের অধিকার আদায়ের পরিচিত কোনো দলের সঙ্গে তিনি জড়িত নন দাবি করে ভিডিও বার্তায় লং বলেন, ‘তিনি ন্যায়বিচারের নীতিতে বিশ্বাসী...অন্য কিছু নয়।’