লুবনা যেন কেক বানানোর জাদুকর
মাজেদা লুবনার বানানো কেক দেখে আপনি চমকে উঠবেন। প্রথমে বুঝতে সমস্যা হবে এটা কি আসলেই কেক নাকি অন্য কিছু! এত সুন্দর, এত নিখুঁত। যে অনুষ্ঠানের মেজাজ যেমন, সেভাবে কেক বানান। কোনটা পয়লা বৈশাখের কেক, আর কোনটা সুইট সিক্সটিনের কেক, সেটা আর বলে দিতে হয় না। দেখলেই যে কেউ বলে দিতে পারে। লুবনা কেক পারলারের আরেকটি বৈশিষ্ট্য, এটা হালাল কেক। সুতরাং যারা দোকানের অন্যান্য কেক খেতে ইতস্তত বোধ করেন, তাঁরা শতভাগ নিশ্চিত থাকতে পারেন এ ক্ষেত্রে। মাজেদা লুবনা জানালেন, ‘আমি সব সময় কেকে কী ধরনের উপকরণের সন্নিবেশ ঘটাচ্ছি, এ ব্যাপারে খুব সচেতন।’
মাজেদা লুবনার কেক বা কোনো খাবার তৈরির ব্যাপারে একাডেমিক কোনো ডিগ্রি নেই। যতটুকু শিখেছেন, তা নিজের প্রচণ্ড ইচ্ছা ও সৃজনশীলতার বোধ থেকে। অনলাইনে বিখ্যাত শেফদের কেক বানানোর রেসিপি দেখতেন। সেখান থেকে একটি নির্দেশনা পেয়েছেন। তারপর সেটাকে আপন ভালোবাসা ও নৈপুণ্য দিয়ে সাজিয়েছেন। লুবনা বর্তমানে একটি প্রি স্কুলে টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করছেন। দুই শিশু সন্তানের একজন মেয়ে জুনাইরার বয়স পাঁচ বছর ও ছেলে মোহাইমেনের বয়স সাড়ে তিন বছর। ভোর ছয়টায় ঘুম থেকে ওঠার পরে ঘড়ির কাঁটা ধরে চলতে হয় তাকে। তবু এর মধ্যে কেক বানানোর প্রতি নিজের ভালোবাসাকে থামিয়ে রাখতে পারেন না।
লুবনা বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এত কিছুর মধ্যেও কাজটা চালিয়ে যাচ্ছি। আপন লোকজন যখন এসে বলে, একটা কেক লাগবে, তখন আর না বলতে পারি না। কারণ এটা আমার ভালোবাসার জায়গা। আমার কেক সবাই খুব পছন্দ করে। এর আরেকটা কারণ হলো আমি বাইরের যেকোনো দোকানের চেয়ে দাম কম রাখি। আমি শুধু কেকের উপাদানের খরচটা নেই। অনেকে বলে লাভ রাখি না কেন? কিন্তু আমি সেটা চাই না। যখন এটা বড় আকারে করব, মানে কোনো দোকান দেব, তখন হয়তো এটা নিয়ে ভাবব।’
ব্রঙ্কসের পার্কচেস্টারশায়ারে থাকেন লুবনা। ওই এলাকাতে ভবিষ্যতে লুবনা কেক পারলারের একটা শো রুম খোলার ইচ্ছা আছে তাঁর। লুবনা যে এখন ঘরে-বাইরে এত কাজ করছেন, সেই লুবনাকেই বাংলাদেশে থাকতে বাড়িতে কিছুই করতে হতো না। সিলেটে বাবার বাড়িতে পরিবারের ছোট মেয়ে হিসেবে সবার আদর পেয়েছেন শুধু; কোনো দায়িত্ব পালন করতে হয়নি। সিলেট বোর্ডে স্ট্যান্ড করা মেধাবী ছাত্রী লুবনা বরাবর চেয়েছেন আপন মেধা বিকশিত হয় এমন কিছু করার। ২০০৯ সালে এক সেনা কর্মকর্তার সঙ্গে তাঁর বিয়ে হয়। পরে লুবনার মা-বাবা মেয়ে ও মেয়ে জামাইকে আমেরিকায় স্পনসর করে নিয়ে আসেন। নিউইয়র্কে আসার পরে ওর স্বামী ট্রাফিক পুলিশে যোগ দেন।
২০১৬ সাল থেকে নিয়মিত কেক তৈরি করছেন লুবনা ক্রেতাদের জন্য। শুরুটা হয়েছিল বড় মেয়ের স্কুলের বন্ধুদের মায়েদের দিয়ে। তারপর তাঁদের মাধ্যমে অন্যরা জানল। এভাবে আস্তে আস্তে তাঁর সুখ্যাতি ছড়িয়ে পড়ল। এখন অনেকেই আসে তাঁর কাছে কেকের জন্য। একটা কেক বানাতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগে। লুবনা সাধারণত কেকটা আগের দিন বেক করে রাখেন। আর সাজানোর কাজটি করেন দেওয়ার দিন। সব ধরনের কাজে স্বামী এ কে এম আননুর হোসেনের সহযোগিতা পান। এ কারণে পড়াশোনাও শুরু করেছেন নতুন করে। বর্তমানে চাইল্ড ডেভেলপমেন্ট বিষয়ে পড়াশোনা করছেন ব্রঙ্কস কমিউনিটি কলেজে। শনিবার শুধু ক্লাস করতে হয় সেখানে। ওই সময়ে স্বামী ছেলেমেয়ের দেখাশোনা করেন।