লেচওয়ার্থ স্টেট পার্কে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের লেচওয়ার্থ স্টেট পার্কের লোয়ার ফলস
নিউইয়র্কের লেচওয়ার্থ স্টেট পার্কের লোয়ার ফলস

আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে গ্রীষ্মকাল আসতেই সবাই বনভোজন ও ভ্রমণে মেতে উঠে। কেউ হারিয়ে যেতে চায় সবুজের সমারোহে পাহাড়-পর্বতে, কেউ প্রবল জলরাশির ঝরনায়, কেউবা সমুদ্র-সৈকতে, কেউ আবার চিত্ত-বিনোদন পার্কে। বছরের এ সময়টায় যেন পালটে যায় আমেরিকার দৈনন্দিন চিত্র। প্রায় প্রতিটি শহরেই থাকে ভ্রমণ পিপাসুদের ভিড়। নতুনের সন্ধানে, চিত্তবিনোদনের আশায় সবাই বেরিয়ে পড়ে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে।

নিউইয়র্কের লেচওয়ার্থ স্টেট পার্কের নয়নাভিরাম দৃশ্য
নিউইয়র্কের লেচওয়ার্থ স্টেট পার্কের নয়নাভিরাম দৃশ্য

ভাবুন, আপনি কোনো সবুজের সমারোহ ঘেরা নির্জন পাহাড়-পর্বতের ভেতর দিয়ে হেঁটে চলেছেন আর একটু পর পরই দেখা মিলছে অপরূপ সব ঝরনার, পাখির কিচিরমিচির শব্দ, কোথাও আবার দেখা মিলছে বন্য প্রাণীর। শুধু কল্পনার জগতেই নয় বাস্তবে এসবের দেখা মিলবে নিউইয়র্কের লেচওয়ার্থ স্টেট পার্কে।

নিউইয়র্কের লেচওয়ার্থ স্টেট পার্কের মিডল ফলস
নিউইয়র্কের লেচওয়ার্থ স্টেট পার্কের মিডল ফলস

নিউইয়র্কের নাম শুনতেই প্রথমে মাথায় আসবে গগনচুম্বী অট্টালিকার। কিন্তু এ অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে লুকিয়ে রয়েছে প্রকৃতির অপার বিস্ময়। লেচওয়ার্থ স্টেট পার্ক তার মধ্যে অন্যতম। আমেরিকার বিভিন্ন শহরের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই প্রতি বছর বিপুলসংখ্যক ভ্রমণ পিপাসুদের সমাগম ঘটে নায়াগ্রা ফলস ঝরনায়। নায়াগ্রা ফলস আমেরিকার প্রান্ত থেকে এ পার্কে ড্রাইভ করে আসতে সময় লাগে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মতো। কিন্তু বেশির ভাগ পর্যটকই এ পার্ক সম্পর্কে না জানার কারণে অনেকের কাছেই অজানা থেকে যায় এ পার্কের সৌন্দর্য। বেশির ভাগ বাংলাদেশিদের কাছেও এ পার্ক অজানা।

নিউইয়র্কের লেচওয়ার্থ স্টেট পার্ক
নিউইয়র্কের লেচওয়ার্থ স্টেট পার্ক

নিউইয়র্কের বাফেলো শহর থেকে মাত্র এক ঘণ্টা ড্রাইভিং দূরত্বে লিভিংস্টোন ও ওয়োমিং কাউন্টিতে এ পার্ক অবস্থিত। পার্কে প্রবেশের জন্য কয়েকটি প্রবেশ পথ রয়েছে। এ পার্কের সৌন্দর্যের জন্য পার্কটিকে ‘গ্র্যান্ড ক্যানিয়ন অব দ্য ইস্ট’ বলা হয়। ২০১৫ সালে ইউএসএ টুডের পাঠকদের ভোটে এ পার্ক আমেরিকার এক নম্বর স্টেট পার্ক হিসেবে নির্বাচিত হয়। ১৪ হাজার ৪২৭ একর জায়গাজুড়ে এ পার্কের অবস্থান। পার্কের পাশ দিয়ে বয়ে চলেছে জেনেসি নদী। বিশাল এ পার্ক সবুজের সমারোহে পাহাড়-পর্বতে ঢাকা। পার্কের ভেতর সবুজের সমারোহে হারিয়ে যেতে যেতে দেখা মিলবে তিনটি ঝরনার। আপার, মিডল ও লোয়ার ফলস নামে পরিচিত এগুলো। চিত্তবিনোদন আর অ্যাডভেঞ্চারের জন্য এ পার্কে কোনো কিছুর অভাব নেই। যারা রাতে ক্যাম্পিং করে, তাবু গেড়ে থাকতে চান তাদের জন্য রয়েছে ব্যবস্থা। অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের জন্য রয়েছে রাফটিং, কায়াকিং, সুইমিং, বাইকিং, হাইকিংয়ের ব্যবস্থা। পার্কের ভেতর বনভোজন ও বারবিকিউ করার সুযোগ রয়েছে। এ পার্ক এতই বড় যে পুরোটা ঘুরতে দুদিনের মতো লাগবে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিরা নায়াগ্রা ফলস দেখত এসে এ পার্কে ঢু না মেরেই চলে যাচ্ছেন।