লোকসংগীত সম্মেলন ২৭ আগস্ট

নিউইয়র্কে আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেয় লোকসংগীত সম্মেলন সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন উদ্যাপন কমিটির উপদেষ্টা আনোয়ার খন্দকারের জ্যামাইকার বাসভবনে ৮ জুলাই লোকসংগীত সম্মেলন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মেলন উদ্যাপন কমিটির আহ্বায়ক এম আমিনউল্লাহ।
উদ্যাপন কমিটির সদস্যসচিব নূর ইসলামের পরিচালনায় প্রস্তুতি সভায় সম্মেলনের অগ্রগতি নিয়ে মতামত তুলে ধরেন প্রধান সমন্বয়ক এ কে এম নুরুল হক, সমন্বয়ক আবদুর রহমান, সাংস্কৃতিক চেয়ারম্যান গুরু ফটিক চৌধুরী, কণ্ঠশিল্পী সেলিম ইব্রাহিম, মনিকা চৌধুরী, রুবিনা শিল্পী, উপদেষ্টা আনোয়ার খন্দকার, আশরাফ উদ্দিন ভূঁইয়া, আদিল মোহাম্মদ, শাহান আরা বেগম প্রমুখ।
সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মরণিকার ওপর গুরুত্বারোপ করে সদস্যসচিব নূর ইসলাম বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমরা পাঠকদের আকর্ষণীয় স্মরণিকা উপহার দিতে কাজ করছি। স্মরণিকায় প্রবাসের বিশিষ্ট লেখকদের লেখায় সমৃদ্ধ করা হচ্ছে। প্রচ্ছদে থাকছে হুমায়ূন আহমেদের নান্দনিক একটি দুর্লভ ছবি।’
সাংস্কৃতিক চেয়ারম্যান ফটিক চৌধুরী বলেন, হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত কিছু চমকপ্রদ গান নিয়ে সাজানো হয়েছে সাংস্কৃতিক পর্ব। এ ছাড়া সম্মেলন ও লোকজ মেলায় শিশু-কিশোরদের সংগীত ও নৃত্য প্রতিযোগিতা থাকছে। এবারের সম্মেলনে কয়েকজন প্রবাসী গুণীকে সম্মাননা জানানো হবে। তাঁদের মধ্যে রয়েছেন শিক্ষা ও মানবসেবায় মোহাম্মদ আজিজুল ইসলাম, সাংবাদিকতা ও সেবায় জাকিয়া খান, শিশু সংগঠক হাসানুর রহমান, সংগঠক ছদরুন নুর ও কবি অবিনাশ চন্দ্র আচার্য।
এবারের নবম লোকসংগীত সম্মেলন উৎসর্গ করা হয়েছে প্রখ্যাত লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার, হুমায়ূন আহমেদের নামে। সম্মেলন উদ্বোধন করবেন হুমায়ূন আহমেদের সহধর্মিণী অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছিদ্দিকুর রহমান এবং সম্মানিত অতিথি থাকবেন সাবেক সাংসদ এম এম শাহীন।
কুইন্স প্যালেস মিলনায়তনে আগামী ২৭ আগস্ট বেলা ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত সম্মেলন চলবে। সম্মেলন সবার জন্য উন্মুক্ত। সম্মেলনের পৃষ্ঠপোষকতায় থাকছে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ও আয়োজক সংগঠন বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি।