লোকসংগীত সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ২৭ আগস্ট কুইন্স প্যালেসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলনকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভা ১৫ জুলাই রোববার সকাল সাড়ে ১০টায় প্রিমিয়াম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। লোকসংগীত নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০০১ সাল থেকে বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি প্রবাসে আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের নবম সম্মেলনটি। সম্মেলনটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করা হয়েছে। সম্মেলনের উদ্বোধন করবেন হুমায়ূন-পত্নী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্মেলন সফল করার জন্য উদ্যাপন কমিটি ফটিক চৌধুরীর নেতৃত্বে নৃত্য, গানের মহড়া করে যাচ্ছে। প্রবাসী শিল্পীদের গানের মহড়া, শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশ নেওয়া, বিভিন্ন সংগীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতায় নাম নিবন্ধনের কাজ শুরু হয়েছে। এখনো যারা নাম নিবন্ধন করেনি, তাদের ফটিক চৌধুরীর কাছ থেকে নিবন্ধন ফরম নিয়ে পূরণ করে জমা দানের আহ্বান জানানো হয়েছে। সম্মেলন প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন সম্মেলন কমিটির কনভেনর এম আমিনউল্লাহ। সদস্যসচিব নূর ইসলামের পরিচালনায় সভায় সম্মেলনের অগ্রগতি নিয়ে মতামত পেশ করেন বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলী, কো-কনভেনর ফাহাদ সোলায়মান, কো-অর্ডিনেটর হাজি আবদুর রহমান, জয়েন্ট কনভেনর আবু তালেব চৌধুরী, স্মরণিকা চেয়ারম্যান কবি ও টিভি উপস্থাপক এ বি এম সালেহ উদ্দীন, প্রচার চেয়ারম্যান কণ্ঠশিল্পী বাবলী হক প্রমুখ।