লড়াই থাকলেও হারিয়ে গেছে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক বছরের তুলনায় এবার প্রিমিয়ার লিগ খুব প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। সাধারণভাবে এটাই ফুটবলাঙ্গনের প্রায় সবার মুখে। স্থানীয় ফুটবলাররা ভালো খেলেছেন। গোল করেছেন। হ্যাঁ, কিছু ভালো তো আছেই। আবার খারাপ দিক খুঁজলেও নোটবইয়ে দাগ পড়বে অনেক।
মোটাদাগে লিগটাকে দুই ভাগে ভাগ করা যায়। বসুন্ধরা কিংস, আবাহনী, শেখ রাসেল ও সাইফ স্পোর্টিং—এই দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল একরকম। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে রানার্সআপ আবাহনীর পয়েন্টের ব্যবধান ৫, ৬৩ ও ৫৮। আবার চ্যাম্পিয়নের চেয়ে তৃতীয় হওয়া শেখ রাসেল পিছিয়ে ১১ পয়েন্টে। নিচের দিকের দলগুলোর মধ্যে লড়াইটা আরেক রকম। আরামবাগ ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম। ২৮ পয়েন্ট নিয়ে শেখ জামাল ষষ্ঠ। মুক্তিযোদ্ধা সপ্তম (২৬ পয়েন্ট)। অষ্টম হওয়া চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২৫। তার মানে মাঝারি দলগুলোও নিজেদের মধ্যে লড়াইয়ে ছিল। কারও কারও লড়াই ছিল অবনমন বাঁচানোর। তাই শেষ দিকে কিছু পাতানো ম্যাচ হয়েছে। নইলে দু-একটি দলে ২০–২২ পয়েন্টও পেত না।
দলগুলোর মধ্যে তীব্র লড়াই যদি প্রশংসা পায়, তাহলে সমালোচনার জায়গাও আছে। ১১ মাসের মৌসুমে সাড়ে সাত মাসব্যাপী হয়েছে এই একটা লিগ। এটিকে ‘বিরতি লিগ’ বলাই ভালো। নানা কারণে বেশ কয়েকবার খেলা বন্ধ ছিল। গতিশীল লিগ হঠাৎ থমকে মুখ থুবড়ে পড়েছে। কখনো এক মাসও খেলা বন্ধ রাখতে হয়েছে। বাংলাদেশের ফুটবলে এটা মহাসমস্যা। জাতীয় দল তো বটেই, বয়সভিত্তিক দলের খেলা হলেও লিগ বন্ধ। পৃথিবীর আর কোথাও এমন কাণ্ড নেই।
এসব অযাচিত বিরতি কোচদের সমস্যা বাড়িয়েছে নিরন্তর। বিরতি কাটিয়ে আসা ফুটবলারদের ফিটনেস আনতে হয়েছে নতুন করে। আরামবাগের কোচ মারুফুল হকের কাছে এটা দেশের ফুটবলেরই একটা বড় সমস্যা, ‘সবকিছুর একটা ধারাবাহিকতা থাকা চাই। কিন্তু আমাদের ফুটবলে ম্যাচ খেলার কোনো ধারাবাহিকতা নেই। কোচের পরিকল্পনা বারবার হোঁচট খায়। এটা কোচদের জন্য কত বড় সমস্যা বলে বোঝানো কঠিন।’
সারা বিশ্বেই একটা টেকনিক্যাল দল থাকে, যারা লিগ শেষে খেলার টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করেন। খুঁজে বের করেন দলগুলো কোন ছকটা বেছে নিয়েছে। আক্রমণাত্মক, রক্ষণাত্মক, নাকি প্রতি–আক্রমণ? চট্টগ্রাম আবাহনীর কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বললেন, ‘গত বিশ্বকাপে দলগুলোর মধ্যে সাধারণ একটা প্রবণতা দেখা গেছে যে বল হারালে তারা ডিফেন্সিভ ব্লক তৈরি করেছে নিজেদের অর্ধে। আমাদের এখানে এই সব নেই। কোন কোচ কীভাবে খেলিয়েছেন, কোনো গবেষণা নেই। তাই আমরা জানি না আমাদের ক্লাব ফুটবলের প্রবণতা কী? আমার কাছে মনে হয় আমাদের লিগ ও দেশের ফুটবলে এটা বড় ঘাটতি।’
একটা টেকনিক্যাল দল থাকলে তাদের প্রতিবেদনের ভিত্তিতে আলোচনা হতে পারত। কোন দল কীভাবে খেলেছে বা তাদের কোন জায়গায় সমস্যা
ছিল। অস্কার ব্রুজোন কীভাবে খেলিয়েছেন বসুন্ধরা কিংসকে? মারিও লেমোস আবাহনীকে বা মারুফুল
হক আরামবাগকে কীভাবে খেলালেন? কেউ বলতে পারবে না।
বাংলাদেশের ফুটবলে যেটা হচ্ছে, লিগ শেষে আত্মতৃপ্তি নিয়ে বাড়ি চলে যাচ্ছেন সবাই। নতুন বছরের জন্য আবার টাকা পকেটে ঢোকে ফুটবলার-কোচদের। কিন্তু ফুটবলের সূক্ষ্ম গবেষণাগুলো এখানে নেই। এমনিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাধারণ প্রবণতা, ছোট বা মাঝারি দলগুলো পণ করে নামে ‘গোল খাওয়া যাবে না।’ ফেডারেশন কাপ বা স্বাধীনতা কাপে আক্রমণাত্মক খেলা চট্টগ্রাম আবাহনীও যেমন লিগে নিরাপত্তা খুঁজেছে বেশি। সমমানের দলের সঙ্গে আক্রমণে গেলেও বড় দলের সঙ্গে নিরাপদ থাকতে চেয়েছে। টেকনিক্যাল বিষয়গুলো দেখার কেউ থাকলে তারা সব ম্যাচ দেখত। একটা প্রবণতা আবিষ্কার করতে পারত। কিন্তু বাংলাদেশের ক্লাব ফুটবলে সেই ধারা তৈরি না হওয়ায় জাতীয় দল কীভাবে খেলবে, সেটারও কোনো ঠিকঠিকানা নেই।
বসুন্ধরা কিংস, আবাহনী, শেখ রাসেলসহ হাতে গোনা ৪–৫টা দলের খেলায় কিছুটা আধুনিকতার ছাপ ছিল। বাকি দলগুলো জানেই না তাদের দর্শন কী! আবাহনীর জন্মই ছোট ছোট পাসে দৃষ্টিনন্দন ফুটবল খেলতে। অথচ ওই খেলাটা এখন আর আগের মতো ­খেলা না আকাশি-নীলরা। তবে এই দলটা কিছুটা হলেও চেষ্টা করে দৃষ্টিনন্দন ফুটবল খেলতে। ঐতিহ্যের কঙ্কালে পরিণত হওয়া মোহামেডানের অবস্থা যাচ্ছেতাই। একটা সময় গোটা লিগে মোহামেডান হয়তো এক ম্যাচে হারত, সেটাও হয়তো চিরশত্রু আবাহনীর কাছে। এবার সেই মোহামেডান লিগে ২৪ ম্যাচের ১১টিই হেরেছে! মোহামেডানের ঐতিহ্য, খেলার ধরন—সবই যেন বিগত। লিগের প্রথম পর্বে ১২ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পাওয়া মোহামেডানকে মনে হয়েছে দিন এনে দিন খাওয়া শ্রমিকের মতো।
খেলা দেখতে বসলে প্রায়ই চোখ চলে যায় ডাগআউটে। সেখানে কর্মকর্তারা দাঁড়িয়ে লম্ফঝম্ফ করেন। চিৎকার করে ফুটবলারদের নির্দেশনা দেন। কোচ কিছু না, তাঁরাই যেন হর্তাকর্তা। বাংলাদেশের
ক্লাব ফুটবলে কর্মকর্তাদের কাছে কোচের গুরুত্ব
কম। মোহামেডানের ডাগআউটে দলটির ম্যানেজার আমিরুল ইসলামের তৎপরতা চোখে লাগে।
আরও কয়েকটি দলের ডাগআউটেও এই দৃশ্য
নিয়মিত। তবে মারামারি, উত্তেজনা এবার তেমন
ছিল না। খেলা ভালো হচ্ছে হয়তো, তবে আমাদের ফুটবলীয় উত্তেজনার অভাব সবাইকে বারবার নস্টালজিক করেছে। উত্তেজনা না থাকলে ফুটবল দেখার মজাটা কোথায়!