লড়াই থেকে সরে দাঁড়ালেন ক্রিস্টি

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীদের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস ক্রিস্টি।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত দলীয় প্রাইমারিতে নিজের হতাশাজনক ফলাফলের পর ক্রিস্টি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সিএনএন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নিউজার্সির এই গভর্নর তাঁর নির্বাচনী প্রচার স্থগিত করেছেন। প্রচারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে।
নিউ হ্যাম্পশায়ারে ভালো ফলের আশায় দীর্ঘ সময় ধরে প্রচার চালিয়েছিলেন ক্রিস্টি। একই সঙ্গে তিনি তাঁর তহবিলের মোটা অংশও এই অঙ্গরাজ্যে ব্যয় করেছিলেন। কিন্তু ভোটের ফলাফল তাঁর জন্য একরাশ হতাশা বয়ে এনেছে। রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তাঁর অবস্থান ষষ্ঠ। তিনি মাত্র ৭ শতাংশ ভোট পেয়েছেন।
এবার রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ক্রিস্টিকে সম্ভাবনাময় ভাবা হচ্ছিল।
আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে হতাশাজনক ফলাফলের পর রিপাবলিকান দলের আরেক মনোনয়নপ্রত্যাশী কার্লি ফিওরিনাও লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন।
নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত প্রাইমারিতে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে ডেমোক্রেটিক দলে বিজয়ী হয়েছেন ভারমন্ট থেকে নির্বাচিত সিনেটর বার্নি স্যান্ডার্স।
১ ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে ককাসের মাধ্যমে শুরু হয় এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার আসল লড়াই। আইওয়া ককাসের পর নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত হলো প্রথম প্রাইমারি।
আইওয়াতে ডেমোক্র্যাটদের ককাসে স্যান্ডার্সের চেয়ে সামান্য ব্যবধানে জয় পান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আর রিপাবলিকান শিবিরে ট্রাম্পকে ডিঙিয়ে বিজয় ছিনিয়ে নেন সিনেটর টেড ক্রুজ।