ল' সোসাইটির নির্বাচনে জালিয়াতির অভিযোগ

বাংলাদেশ ল’ সোসাইটির সদ্য সমাপ্ত নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে জনমতকে উপেক্ষা করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সংগঠনের একটি পক্ষ।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি পদপ্রার্থী ম জাকির মিয়া বলেছেন, গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ল’ সোসাইটির নির্বাচন গ্রহণযোগ্য নয়। তিনি ল’ সোসাইটিকে বিদায়ী সভাপতি শামসুদ্দোহার কবল থেকে রক্ষার জন্য সদস্যদের প্রতি দাবি জানিয়ে বলেন অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ আলী ও মোর্শেদা জামান, সহসভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম ও সহসম্পাদক প্রার্থী মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সোসাইটির নির্বাচনে ১৮ জন সদস্য সবার অগোচরে ভোটার হয়ে একটি পক্ষে ভোট দিয়েছেন। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অপরদিকে সংগঠনের বিদায়ী সভাপতি শামসুদ্দোহা সোসাইটির ফান্ড থেকে যে অর্থ উত্তোলন করেছেন তা নিয়মনীতি বহির্ভূত। আমরা জানতে চাই ওই অর্থ কোথায়? তাঁরা সংগঠনের অনিয়ম দূর করতে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান।
সংবাদ সম্মেলনে সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, প্রায় তিন বছর আগে সভাপতিকে না জানিয়েই তৎকালীন সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সংগঠনের তহবিল থেকে ১০ হাজার ডলার উত্তোলন করেন। এ ব্যাপারে জানতে চাওয়া হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
সাবেক সভাপতি মোর্শেদা জামান বলেন, সংগঠনের নেতৃত্ব কুক্ষিগত করে রাখতেই আমাদের না জানিয়ে ১৮ জনকে ভোটার বানিয়ে নির্বাচনে একটি মহল জয়ী বলে দাবি করছেন।
সহসভাপতি নিজাম উদ্দিন বলেন, সংগঠনের ১০ হাজার ডলার উঠিয়ে নেওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে একাধিক সভায় সভাপতি শামসুদ্দোহার সঙ্গে বাদানুবাদ হয়েছে। তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে গেছেন।