শক্ত হাতে আইএসকে সামলাচ্ছে যুক্তরাষ্ট্র: ওবামা

জঙ্গি দল আইএসকে শক্ত হাতে দমন করা হচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, আইএস জঙ্গিদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। আইএস নেতাদের মনে রাখতে হবে কেউ পালিয়ে বাঁচতে পারবেন না। কারণ পরবর্তী লক্ষ্য তাঁরাই।
বিবিসির খবরে জানা যায়, পেন্টাগনে দেওয়া এক ভাষণে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ওবামা এসব কথা বলেন। তিনি বলেন, অন্য যেকোনো মাসের তুলনায় গত নভেম্বর মাসে আইএসের বিরুদ্ধে অনেক বেশি বিমান হামলা চালানো হয়েছে। ২০১৪ সালের গ্রীষ্মকাল থেকে এ পর্যন্ত আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ৯ হাজারেরও বেশি বিমান হামলা চালিয়েছে। গত কয়েক সপ্তাহে মার্কিন নেতৃত্বাধীন জোট আইএসের দখলে থাকা তেলক্ষেত্রগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এগুলোই তাদের অর্থের উৎস ছিল।
ওবামা আরও দাবি করেন, আইএস জঙ্গি দল সিরিয়া ও ইরাকে গত গ্রীষ্মকাল থেকে এ পর্যন্ত কোনো সফল অভিযান চালাতে পারেনি। এ পর্যন্ত হামলায় আইএসের যত শীর্ষ নেতা নিহত হয়েছেন তাঁদের তালিকা দিয়ে ওবামা বলেন, পরিষ্কারভাবে আইএস নেতাদের বলতে চাই যে তাঁরাই আমাদের পরবর্তী লক্ষ্য।
ক্যালিফোর্নিয়ায় গুলিতে ১৪ জন নিহত ও প্যারিসে জঙ্গি হামলার পর থেকে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রে একধরনের জঙ্গি আতঙ্ক রয়েছে। ওবামার ভাষণ থেকে এটা স্পষ্ট যে তিনি তাঁদের আশ্বস্ত করতে চাচ্ছেন।