শক্তি প্রয়োগে আন্তর্জাতিক মান রক্ষায় ব্যর্থ যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যেই পুলিশ শক্তি প্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখতে ব্যর্থ বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ বিষয়ে গত বৃহস্পতিবার একটি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।
ওই প্রতিবেদনে বলা হয়, অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের কোনোটিতেই পুলিশি শক্তি প্রয়োগের ক্ষেত্রে কারও জীবন সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হয় না। আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদের জন্য জাতিসংঘ-নির্ধারিত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, কাউকে মেরে ফেলার মতো শক্তি প্রয়োগ করাটা পুলিশের সর্বশেষ কৌশল হওয়া উচিত।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র শাখার নির্বাহী পরিচালক স্টিভেন ডব্লিউ হকিনস বলেন, মানুষের জীবন রক্ষার ব্যাপারে পুলিশের মৌলিক বাধ্যবাধকতা রয়েছে। বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যেই এই মানদণ্ড পুরোপুরি অনুসরণ করা হয় না। বিষয়টি মানবাধিকার নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। এ ক্ষেত্রে সংস্কার প্রয়োজন এবং তা অবিলম্বেই। মানুষের জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে পুলিশি হেফাজতে মাইকেল ব্রাউন নামের একজন কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যুর পর থেকেই অ্যামনেস্টি মার্কিন পুলিশে সংস্কারের আহ্বান জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে চলতি বছর এ পর্যন্ত ৩৮৫ জনের মৃত্যু হয়েছে।