
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান শাহরিয়ার কবির বলেছেন, জঙ্গিবাদ কখনোই শক্তি প্রয়োগ করে দমন করা যাবে না। জঙ্গিবাদ দমনে সত্যিকার অর্থে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা এখনো বাংলাদেশে নেওয়া হয়নি। তাই জঙ্গি তৎপরতা স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না।
জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ৮ জুন ‘দক্ষিণ এশিয়ায় চরমপন্থার উত্থান ও জঙ্গিবাদ দমনের কৌশল’ শীর্ষক এক আলোচনায সভায় মূল বক্তব্য উপস্থাপনকালে শাহরিয়ার কবির এ কথা বলেন। তিনি বলেন, ‘জঙ্গিবাদ নির্মূলে সরকারের পক্ষ থেকে একটি ব্যবস্থাপত্র তৈরি করতে হবে। থাকবে রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতিসহ সর্বস্তরে জঙ্গিবাদ নির্মূলের কর্মকৌশল। ধর্মীয় প্রতিষ্ঠানেও তা কার্যকর করতে হবে।’
শাহরিয়ার কবির বলেন, জঙ্গিবাদ কখনোই শক্তি প্রয়োগ করে দমন করা যাবে না। আদর্শিকভাবে এটি মোকাবিলা করতে হবে। হলি আর্টিজানে যখন হামলা হয়, তারা যখন নিরীহ নাগরিকদের জিম্মি করেছিল, সে সময় শক্তি প্রয়োগের বিকল্প ছিল না। কিন্তু শক্তিরও একটি সীমা আছে। সন্ত্রাসকে চিরতরে মোকাবিলার জন্য দরকার তাত্ত্বিকভাবে পদক্ষেপ গ্রহণ করা। একটি ধর্ম, মানবতার সামগ্রিক কল্যাণের একটি আদর্শকে জামাতিরা ঢাল হিসেবে ব্যবহার করছে মতলবি রাজনীতির স্বার্থে।
নির্মূল কমিটির প্রধান বলেন, জঙ্গিবাদে বিশ্বাসীরা যে ইসলাম ধর্মের প্রচার করছে, তার বিরুদ্ধে সত্যিকারের ইসলাম ধর্ম প্রচার করতে হবে। ইসলাম যে কখনোই নির্বিচারে মানুষ হত্যাকে সমর্থন দেয় না, তা সর্বসাধারণকে জানাতে হবে, বোঝাতে হবে। তাহলেই জঙ্গিবাদ দমনে দৃশ্যমান সাফল্য আসবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূরের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সম্পাদক স্বীকৃতি বড়ুয়া। মঞ্চে ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক সামাদ আজাদ, চলচ্চিত্র নির্মাতা কবির আনোয়ার, লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস ও কৌশিক আহমেদ। বিশিষ্টজনদের মধ্যে শিতাংশু গুহ, রাশেদ আহমেদ, গোলাম মোস্তফা খান মিরাজ, খোরশেদ আনোয়ার বাবলু, লাবলু আনসার, নবেন্দু দত্ত, টমাস দুলু রায়, মোর্শেদ আলম, রানু ফেরদৌস, ড. সব্যসাচী দস্তিদার, ডা. মাসুদুল হাসান, বেলাল বেগ, খোরশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে বিশ্বব্যাপী জঙ্গিবাদের উত্থান ও বিভিন্ন দেশে জঙ্গি নির্মূলের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য ঘটনাবলির আলোকে নির্মিত দুটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।