শতাধিক রোগীকে ফেরত পাঠিয়েছিল এক হাসপাতাল
গত মার্চে কুইন্সের সেন্ট জোনস এপিস্কোপাল হাসপাতাল থেকে করোনাভাইরাসে আক্রান্ত ১২০ জন রোগীকে ছাড়পত্রসহ বাসায় পাঠানো হয়েছিল। কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা না থাকায় তারা সংশ্লিষ্ট রোগীদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়ে বাসায় ফেরত পাঠায়। এই শতাধিক রোগী থেকেও কমিউনিটি পর্যায়ে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পারতে বলে এখন অনেকে মনে করছেন।
সেন্ট জোনস এপিস্কোপাল হাসপাতালের কর্মকর্তারা জানান, গত এক মাসের মধ্যেই ১২০ জনেরও বেশি রোগীকে করোনভাইরাসজনিত রোগের লক্ষণসহ ডিসচার্জ করা হয়। সে সময় তাদের এসব রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা ছিল না।
ফার রকওয়ে হাসপাতালটি ২৫৭ শয্যা থেকে বাড়িয়ে এখন ৩২৬ শয্যার করা হয়েছে। সঙ্গে এর অন্য সক্ষমতাও বাড়ানো হয়েছে। চিকিৎসকেরা হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি টেলিযোগাযোগের মাধ্যমে রোগীদের পরামর্শ দিচ্ছেন। তবে, মার্চে ছাড়পত্র নিয়ে যাওয়া রোগীদের কার কী অবস্থা, তা সুস্পষ্টভাবে জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে হাসপাতালটিতে বিদ্যমান বেডগুলোকে আইসিইউ বেডে রূপান্তরিত করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে বহুমুখী ও বিশেষায়িত ইউনিট। ফুলটাইম করোনা রোগী সেবায় আরও কর্মী নিয়োগের পাশাপাশি বাড়তি প্রতিরক্ষামূলক সরঞ্জাম ও ভেন্টিলেটরও কেনা হয়েছে।
হাসপাতালটির চিফ মেডিকেল অফিসার ডোনাল্ড মরিশ বলেছেন, ‘প্রতিটি কোভিড-১৯ রোগীর চিকিৎসার জন্য আমরা যতটা সম্ভব প্রস্তুতি নিয়েছি। আমরা কঠোর পরিশ্রম করছি। আমাদের রোগীরা এখন পর্যন্ত ভালো স্বাস্থ্যসেবা পাচ্ছেন।’