শপথ নিলেন নিউইয়র্কের প্রথম নারী গভর্নর ক্যাথি হকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাথি হকুল

নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী হিসেবে গভর্নর পদে শপথ নিয়েছেন ক্যাথি হকুল। ২৫ আগস্ট সকালে শপথ নেওয়ার কথা থাকলেও আইনগত কারণে ২৪ আগস্ট স্থানীয় সময় মধ্য রাতে তিনি শপথ গ্রহণ করেন। ক্যাথি নিউইয়র্কের ৫৭তম গভর্নর।

নিউইয়র্কে এ পর্যন্ত কোনো নারী গভর্নর হিসেবে নির্বাচিত হতে পারেননি। সেই ইতিহাস ভঙ্গ করলেন ক্যাথি হকুল। লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পালন করছিলেন।

১১ জন নারীর যৌন হয়রানির অভিযোগে গভর্নর অ্যান্ড্রু কুমো পদত্যাগে বাধ্য হলে রাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব পান ক্যাথি হকুল।

রাজ্যের রাজধানী আলবেনিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে গভর্নর হিসেবে শপথ নেন ক্যাথি হকুল। রাজ্যের প্রধান বিচারপতি জ্যানেট ডিফিওরে গভর্নর হিসেবে ক্যাথি হকুলকে শপথপাঠ করান।

শপথ অনুষ্ঠানে ক্যাথি বলেন, ‘আমি নিউইয়র্কবাসীকে বলব, আমি কাজ করছি এবং সত্যিই গর্বিত যে তাদের গভর্নর হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আশা করি, তাদের হতাশ করব না।’

দায়িত্ব নেওয়ার সময় ক্যাথি হকুল নিউইয়র্কের রাজনৈতিক সংস্কৃতিতে বদল আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আমি চাই জনগণ পুনরায় তাদের সরকারকে বিশ্বাস করুক।

এর আগে ১০ আগস্ট গভর্নর অ্যান্ড্রু কুমো যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন। তবে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে কুমো বলেন, আইনি প্রক্রিয়াকে প্রভাবিত না করার জন্যই তাঁর এই পদত্যাগ। গত বছর নিউইয়র্কের অন্তত ১১ জন নারী কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। অ্যাটর্নি জেনারেলের তদন্তেও প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ মেলে। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যরাও তাঁকে সরে দাঁড়াতে চাপ দিয়ে আসছিলেন। এ ছাড়া আইনগত চাপও ছিল।