শপথ নিয়ে যা বললেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শপথ গ্রহণের পর বক্তব্য দেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
শপথ গ্রহণের পর বক্তব্য দেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রকে সবার ওপরে নেওয়ার অঙ্গীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ক্যাপিটল হিলে শপথ গ্রহণ শেষে অভিষেক ভাষণে এই অঙ্গীকার করলেন তিনি।

ভাষণে ট্রাম্প ঘোষণা করেন, এখন থেকে তাঁর প্রশাসন শুধু ‘সবার আগে আমেরিকা’—এই দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হবে। এখন থেকে অভ্যন্তরীণ বা পররাষ্ট্রনীতি–বিষয়ক সব সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও মার্কিন জনগণের স্বার্থ মাথায় রেখে নেওয়া হবে। তিনি বলেন, ‘আমার সরকারের নীতি হবে দুটি—আমেরিকায় তৈরি জিনিস কেনো ও আমেরিকানদের চাকরি দাও।’

ওয়াশিংটনের রাজনীতিকদের প্রতি কটাক্ষ করে ট্রাম্প বলেন, এত দিন পর্যন্ত এই পেশাজীবী রাজনীতিকেরা শুধু কথাই বলেছেন, কাজ করেননি। এখন থেকে সেই নিয়ম বদলে যাবে। এত দিন ওয়াশিংটনের রাজনীতিবিদেরা শুধু নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। এর ফলে রাজনীতিবিদেরা লাভবান হয়েছেন, কিন্তু ক্ষতি স্বীকার করেছেন সাধারণ মানুষ।

ট্রাম্প ঘোষণা করেন, তাঁর শপথ গ্রহণের মাধ্যমে শুধু এক প্রশাসন ও এক দল থেকে অন্য প্রশাসন ও অন্য একটি দলের হাতে ক্ষমতা হস্তান্তর হলো—বিষয়টি এমন নয়। তিনি বলেন, ‘আজ আমরা ওয়াশিংটন থেকে ক্ষমতা হস্তান্তর করে আপনাদের, দেশের মানুষের কাছে তুলে দিচ্ছি।’