শবদের কথোপকথন
–এখানে এত গরম লাগছে কেন? বলে নিক। সে ইতালীয় বংশোদ্ভূত, জন্ম নিউইয়র্কেই। নিকের বয়স চল্লিশ হবে। কমফোর্ট শিপ দেখতে এসেছিল। তখন এক কালো বুড়ো হাঁচি দিয়েছিল। জ্বর আসল সেই রাতে।
-আমারও গরম লাগছে। কিন্তু কেন? বলে আলীহান্দরো। আমি নার্সিংহোমে কাজ করি। বয়স বায়ান্ন। আমার হঠাৎই শ্বাসকষ্ট শুরু হলো। জ্বর–কাশি কিছু নেই। তারপর টেস্ট করতে গেলাম। কোভিড-১৯ পজিটিভ আসল।
-কিন্তু এখানে এত গরম কেন?
-বাছারা বুঝতে পারছ না? এখানে এসি কাজ করছে না। বুড়ি মারিয়া বলে।
মারিয়ার বয়স ৬৭, স্কুলের লাঞ্চ রুম হেলপার। ৫০ বছর বোর্ড অব এডুকেশনের কাজ করেছে। মেয়র যেদিন ‘গ্র্যাব অ্যান্ড গো’ চালু রাখতে বললেন, সেদিন থেকে নিজের হাতে আগত পরিবারের হাতে লাঞ্চ তুলে দিয়েছে। একদিন বাড়ি গিয়ে গোসল করার পর বুঝতে পারলে শরীর ব্যথা। ১৫ দিন যমে মানুষে টানাটানি। তারপর সব শেষ।
-ওহ আমাদের দেশের বাড়িতে যেমন পাওয়ার অফ হয়ে লোডশেডিং হয়, সেই রকম। বলেন নূর বানু। আমার মেয়ে সিটিজেন হয়ে আমাকে নিয়ে আসে। কুইন্স, জ্যামাইকায়। বেশ যত্নে ছিলাম। কাশি আর গলাব্যথা শুরু হলো। কাশি থামাতেই পারি না। তারপর এলমহার্স্ট হাসপাতালে ভর্তি হলাম। মনে হচ্ছিল জাহাজ ডুবে গেল। তারপর ব্যাগে ভরে এখানে এনে রাখল।
-আমি টম। ৬০ বছর বয়স। আমি গ্রিক প্যারেন্টসের সন্তান। আমি ট্যাক্সি লিমোজিনে কাজ করি। এয়ারপোর্ট থেকে এক কাপলকে ওয়েসচেস্টার নামিয়ে দিয়ে খারাপ লাগছিল, তাই বাড়ি চলে যাই এস্টোরিয়ায়। তারপর ৯১১ কল দিয়ে হাসপাতালে। কোন হাসপাতালে জায়গা নেই, তাই কমফোর্ট শিপের একটা বেডে আমাকে রাখল। মরে যাওয়ার আগে আমাকে এলমহার্স্ট হাসপাতালে ভেন্টিলেটর দেওয়ার জন্য নিয়ে আসে। এখানেই রাতে প্রাণ বায়ু বের হয়ে গেল।
-আহা আমার ওপর এত ভারী এটা কী চাপিয়ে দিল। এত মনে হচ্ছে দু শ পাউন্ড ওজন। বলে মীগেল। আমি মেক্সিকো থেকে। আমি চুয়াল্লিশ আর আমার বউ বেয়াল্লিশ। আমার বউ অসুস্থ। ও তো আসতে পারছে না। ভেন্টিলেশনে আছে। ভিডিওকলে আমি ওকে শেষ বার দেখেছিলাম।
-চি চি করে একটা আওয়াজ হচ্ছে। আমি এনা। মীগেল হানি শুনতে পাচ্ছ? আমিও এখানে। আমি গতকাল শেষ রাতে অন্তিম যাত্রা করেছি।
-ওহ জিসাস।
-আমি ক্লারা। আমি নার্স। আমার বয়স পঁয়ষট্টি। আমি মীগেল আর এনাকে ভিডিও কলে কথা বলানোর পরপরই বুকে ব্যথা হয়। তারপর প্রাণ পাখি উড়ে গেল। আমার তো এই পৃথিবীতে কেউ নেই। আমার বয়ফ্রেন্ড কিছুদিন আগে আমাকে ছেড়ে চলে গেছে।
-আমি মোহাইমিন। আমি সুদানীয় মুসলিম। আমি কালো। কিন্তু নিক, খবরদার আমাকে কালো বুড়ো বলবে না। আমি সত্তর। আমি ভালো মানুষ। আমার ছেলে আমার জানাজা করে কবর দিতে নিয়ে যাবে। কিন্তু এখানে কোথায় এনে রাখল। গড ব্লেস আস অল।
নিক বলে, উফফ গরমে তো গলে যাচ্ছি।
-আমি ও। আমার হাড়গুলোও গলে যাচ্ছে। বলে আলীহান্দ্রো।
শিবানীর কপালে সিঁথিতে সিঁদুর এখনো আছে। গরমে সব একাকার হয়ে যাচ্ছে।
-অনন্ত যাত্রার পর দাহ করে আমার ভস্ম গঙ্গায় ভাসিয়ে দিতে বলেছি অতুলকে। অতুল তুই কী আমাকে নিতে পারবি বাপ?
মিং লী। পঞ্চান্ন। ঝংজু শহরে গিয়েছিলাম মাকে দেখতে ফেব্রুয়ারি মাসে। ফিরে এসে ভালোই ছিলাম। দুই দিন পর জ্বর। এক মাস হাসপাতালে। দুই দিন আগে মরেই গেলাম।
আমি নাতাশা। ইউক্রেন থেকে। আটাশ বছর বয়স মাত্র। দুই ছেলে মেয়ে বাসায় একা আছে। আমি মরতে চাইনি। আপ্রাণ চেষ্টা করেছিলাম শ্বাস ধরে রাখতে। শেষ পর্যন্ত হেরে গেলাম। নাতাশার গুনগুন কান্নার শব্দ লোরির মতো শোনায়। সবাই ঘুমিয়ে পড়ে।
-এটাতেই লাশ রাখা আছে বারো জনের। পিটার বলে।
-পিটার তুমি কী মদ খেয়েছ? এটাতো ইউহলের ভ্যান। লাশবাহী রেফ্রিজারেটর গাড়ি না।
-মাতাল না হয়ে আমিত ডেড বডি টাচ করতে পারি না তুমি জান। আমি এক মাস ধরে প্রতিদিন ২৪/৭ ডেডবডি সরাচ্ছি। ঘুমানোর সময় নাই। খাওয়ার সময় নাই। আর জায়গা নাই। গভীর রাত। অন্ধকার। ফোন করি। কেউ ফোন ধরে না। নো রিপ্লাই। আমি ক্লান্ত। আমি ব্যাগগুলো এনে এনে এখানে ঢুকিয়ে দিয়েছি।
পিটার জ্ঞান হারাল।