শমশেরনগর কমিউনিটির পুনর্মিলনী অনুষ্ঠিত
শমশেরনগর কমিউনিটি ২০ সেপ্টেম্বর এস্টোরিয়া পার্কে প্রথম পুনর্মিলনীর আয়োজন করেছে। শমশেরনগরে একটি হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রে বসবাসরত শমশেরনগরবাসীর এক সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই পুনমিলনীর আয়োজন করা হয়।
নিউইয়র্কে বসবাসরত শমশেরনগরবাসীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এস্টোরিয়া পার্ক। গল্পে, আড্ডায় মেতে ওঠেন দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হওয়া বন্ধু, আত্মীয়-স্বজন। হালকা শীতের আমেজ আর চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন আয়োজনকে আরও আনন্দমুখর করে তোলে। করোনা পরিস্থিতির কারণে ছোট ছোট দলে ছড়িয়ে সবাই দারুণ উপভোগ করেন।
পুণর্মিলনীতে আহ্বায়ক মোহাম্মদ সাইফুর রহমানের শুভেচ্ছা বক্তৃতা হ্যান্ডবিল আকারে বিতরণ করা হয়।
বিগত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোন সমিতি গঠন না করে ‘শমশেরনগর কমিউনিটি, যুক্তরাষ্ট্র ’ নামে একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম গঠন এবং সবাইকে তাতে যুক্ত হওয়ার অনুরোধ জানানো হয়।
প্রস্তাবে বলা হয়, বিভিন্ন দেশে বাংলাদেশের আঞ্চলিক সমিতিগুলোর অভিজ্ঞতা খুব প্রীতিকর নয়। প্রায়ই ক্ষেত্রে সভাপতি, সম্পাদক পদ ও কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের ফলে সমিতি গঠনের মূল উদ্দেশ্যই কেবল ভেস্তে যায় না, কমিউনিটির লোকজনের পারস্পরিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়। এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে সেই ঝুঁকি থাকবে না। কমিউনিটির যে কেউ প্রয়োজনে এখানে যোগাযোগ করবেন, তা সে চাকরি হোক, আবাসন বা অন্য যেকোনো প্রয়োজনে হোক। যে বা যারা সাহায্য করতে সক্ষম এগিয়ে আসবেন। শমশেরনগরের স্থানীয় কোন উদ্যোগেও যারা উৎসাহিত হবেন, তারা এগিয়ে আসবেন আর আগ্রহ না থাকলে নীরব থাকতে পারবেন। ফলে মতভিন্নতার কারণে কোন উদ্যোগ নষ্ট হবে না আর সদস্যদের মধ্যেও সম্প্রীতি বজায় থাকবে।
তবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে মতামত প্রদানের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল, সসম্ভ্রম ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কোন ব্যক্তির বিরুদ্ধে বিষোদ্গার করা যাবে না, শালীন ভাষা ব্যবহার করতে হবে।
পুনর্মিলনীতে সবাই আশা প্রকাশ করেন, এই আয়োজনে যারা অংশ নিতে পারেননি, তারাও আগামী আয়োজনে অংশ নিতে পারবেন এবং শমশেরনগরের স্থানীয় কোন ইস্যু কমিউনিটির সম্প্রীতিকে কোনোভাবেই প্রভাবিত করবে না।
পুনর্মিলনী অনুষ্ঠান সফল করায় আহ্বায়কের বক্তব্যে সমন্বয়ক সৈয়দ আলমগীর আহমদ ও এ বি এম মাসুদুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, মুমিনুর রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।