শমশেরনগর হাসপাতাল বাস্তবায়নে মতবিনিময়
শমশেরনগর হাসপাতাল বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শমশেরনগরবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট নিউইয়র্কে ইউএস-বাংলা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মিজানুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সুজা মেমোরিয়াল কলেজ শমশেরনগর প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ সাইফুর রহমান। প্রথমে পরিচয় পর্বের মাধ্যমে সভার সূচনা হয়।
বক্তারা বলেন, মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের উদ্দেশ্যে আমরা সবাই একত্রিত হয়েছি। সারা বিশ্বে অবস্থানরত শমশেরনগরবাসীরা শমশেরনগর হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী শমশেরনগরবাসীরাও এ প্রচেষ্টার সঙ্গে সহমত ও সহযোগিতার হাত প্রসারিত করবে। তাঁরা এই মহতী কাজে উৎসাহ, উদ্দীপনা ও যার যার অবস্থান থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
হাসপাতাল স্থাপনের জন্য জমি দান করার ঘোষণা দেওয়ায় যুক্তরাজ্যপ্রবাসী সারোয়ার জামান ও মিসেস আলেয়া রানাকে কৃতজ্ঞতা জানানো হয় এবং ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘যেকোনো আয়োজনে নানা মত, নানা পথ থাকে। আলোচনা-সমালোচনা থাকে। তবে দিন শেষে শমশেরনগরে আমরা সবাই এক বিরাট পরিবার। দলমত, আদর্শ নির্বিশেষে সবাই এলাকার এবং এলাকার মানুষের কল্যাণ চায়।’
সভায় নবগঠিত প্রস্তাবিত ‘শমশেরনগর হাসপাতাল’ বাস্তবায়ন কমিটিকে অভিনন্দন জানানো হয়। তাঁরা মনে করেন, আহ্বায়ক হিসেবে সংগীত শিল্পী সেলিম চৌধুরী এবং সদস্যসচিব শামসুল হকের সুযোগ্য নেতৃত্ব ও দক্ষ সংগঠকদের সঙ্গে নিয়ে শিগগির শমশেরনগরে স্বপ্নের হাসপাতাল বাস্তবায়িত হবে।
সভায় সবার সম্মতিতে সুজা মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাইফুর রহমানকে প্রস্তাবিত ‘শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউএসএ’র আহ্বায়ক, সৈয়দ আলমগীর আহমদকে সমন্বয়ক এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী শমশেরনগরবাসীকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
পরবর্তীতে বৃহত্তর পরিসরে সম্মিলিত হওয়ার জন্য আগামী ১৫ সেপ্টেম্বর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সভায় সদ্য প্রয়াত শমশেরনগরের বাসিন্দা আবদুল গনির রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোক প্রকাশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আবদুস শহিদ, সাবেক স্কুলশিক্ষক এ বি এম মাসুদুর রহমান, তোফায়েল লিটন চৌধুরী, সৈয়দ মাহমুদুল হাসান, এ বি এম মোমেনুর রহমান, মো. মুহিবুর রহমান, সৈয়দ মুহিবুল হাসান, ফরহাদ আহমেদ চৌধুরী, সাংবাদিক মাহফুজ আদনান, মাকসুদ আলী, তানভীর আহমেদ চৌধুরী, মুমিনুর রহমান, ফয়ছল আহমেদ ও আশরাফুর রহমান।
এ ছাড়া অনলাইনে সংযুক্ত হন মো. নুরুল হক, মো. রাশেদুল ইসলাম, নিবারণ দাস, মামুনুর রশিদ, মো. নজরুল ইসলাম ও সঞ্চয় সাহা।