শরণার্থী নেওয়া বন্ধে যুক্তরাষ্ট্রে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো প্রয়োগের হুমকি উপেক্ষা করে শরণার্থী গ্রহণ বন্ধসংক্রান্ত একটি বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে, এ আশঙ্কা ব্যক্ত করে ওই বিল উত্থাপন করা হয়। বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ গতকাল বৃহস্পতিবার ওই বিল পাস করে। বিলের পক্ষে ২৮৯ এবং বিপক্ষে ১৩৭ ভোট পড়ে। বিরোধী দল রিপাবলিকান পার্টির ২৪২ জন সদস্য বিলের পক্ষে ভোট দেন। ক্ষমতাসীন দলের সদস্যদের মধ্যে বিলের প্রতি সমর্থন জানান ৪৭ জন। প্রেসিডেন্ট ওবামা চাইলে এই বিলের বিরুদ্ধে ভেটো দিতে পারবেন। তবে বিলটি যদি আরও নয়টি ভোট বেশি পেয়ে পাস হতো, তাহলে প্রেসিডেন্টের ভেটো কার্যকর হতো না।
এই বিল এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সিনেটে সংখ্যালঘু দল ডেমোক্রেটিক পার্টির নেতা হ্যারি রিড ওই বিল আটকে দেওয়ার জোর চেষ্টা চালাবেন বলে ঘোষণা দিয়েছেন।