শরণার্থীই এখন অভিবাসনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামের অভিবাসীদের সঙ্গে মন্ত্রী আহমেদ হুসেন l ছবি: িনউইয়র্ক টাইমস
ভিয়েতনামের অভিবাসীদের সঙ্গে মন্ত্রী আহমেদ হুসেন l ছবি: িনউইয়র্ক টাইমস

আহমেদ হুসেন। মাত্র ১৬ বছর বয়সে সোমালিয়া থেকে টরন্টোয় এসে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে একটি ছোট ব্যাগ ছাড়া আর কিছুই ছিল না তার। ২৫ বছর আগে যে দেশে তিনি আশ্রয় প্রার্থনা করেছিলেন আজ সেই কানাডারই অভিবাসন মন্ত্রী তিনি।
সোমালিয়া থেকে প্রায় শূন্য হাতে কানাডায় এসে হাজির হয়েছিলেন আহমেদ হুসেন। সে সময় কানাডায় আশ্রয় প্রার্থনা করেন তিনি। ভর্তি হন এখানকার একটি হাইস্কুলে। রান্নাসহ শেখেন অনেক কিছুই। এর পর কেটে গেছে ২৫ বছর। কলেজ, আইন স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে তিনি অর্জন করেছেন উচ্চতর শিক্ষা। একই সময়ে সাধারণ কফি বিক্রি থেকে শুরু করে কানাডার সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক নেতাদের পরামর্শ দেওয়া কী করেননি তিনি। তার এ অভিযাত্রা পরিণতি পেয়েছে কানাডার পার্লামেন্টে প্রথম সোমালি-কানাডীয় সদস্য হিসেবে। আর গত জানুয়ারিতে তিনি কানাডায় আশ্রিত শরণার্থীদের সামনে আরেকটি মাইলফলক স্থাপন করেন। ওই সময় কানাডার অভিবাসন মন্ত্রীর দায়িত্ব নেন তিনি।
একজন শরণার্থী থেকে আশ্রয়দানকারী দেশের অভিবাসন মন্ত্রী হয়েছেন আহমেদ হুসেন। কিন্তু নিজের এ অভিযাত্রা সম্পর্কে সাধারণত তেমন একটা কথা বলেন না তিনি। এমনকি তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের কাছেও নিজের গল্পটি প্রকাশ্য নয়। তবে আহমেদ হুসেনকে একজন ‘দক্ষ আলোচক’ হিসেবে উল্লেখ করেছেন তারা।
নিজের সম্পর্কে আহমেদ হুসেন নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘কানাডা প্রতি বছর প্রচুর সংখ্যক শরণার্থীকে গ্রহণ করে। তাদের থেকে আমার অভিজ্ঞতা স্বতন্ত্র কিছু নয়।’
অভিবাসন মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম মাসেই নিজের কাজের একটি স্বতন্ত্র ধারা তৈরি করেছেন তিনি। একদিকে অভিবাসী ও শরণার্থীদের জন্য কানাডার একাংশের দরজা খোলা রেখেছেন তিনি। অন্যদিকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে আরেক অংশের দরজা বন্ধ রেখেছেন তিনি। এর মাধ্যমে তিনি একটি ভারসাম্য বজায় রেখেছেন গোটা প্রক্রিয়ায়।
তবে সম্প্রতি এ ভারসাম্য বজায় রাখা অনেক কঠিন হয়ে পড়েছে। আমেরিকায় ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অবস্থানের ফলে দেশটি থেকে বহু মানুষ কানাডায় প্রবেশ করতে চাইছে। ক্রমবর্ধমান এ প্রবণতার কারণে কানাডার শরণার্থী গ্রহণ প্রক্রিয়ায় চাপ বাড়ছে। কিন্তু আহমেদ হুসেন এমন পরিস্থিতিতেও স্বভাবগতভাবেই শান্ত রয়েছেন। এ পুরো অভিযাত্রায় এ স্বভাবটিই তাকে সহায়তা করেছে সবচেয়ে বেশি।
আহমেদ হুসেন কখনোই নিজের শরণার্থী পরিচয়কে সামনে আনেননি। তিনি বেড়ে উঠেছিলেন সোমালিয়ায়। ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট হুসেন তার যাবতীয় সাফল্যের জন্য তার মায়ের অবদানের কথা উল্লেখ করেন। যদিও তার মা-বাবা দুজনই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। কিন্তু স্কুল থেকে ফিরে প্রতিদিন হুসেন তার মায়ের সঙ্গেই সবকিছু নিয়ে আলাপ করতেন। আর ছিল তার এক কাজিন, যে ছিল ইংরেজিতে দক্ষ। হুসেন তার কাছ থেকেই ইংরেজি শিখেছেন।

টরেন্টোয় কানাডা দিবসে উৎসব অনুষ্ঠানের এক ফাঁকে অভিবাসীদের সঙ্গে আহমেদ হুসেন
টরেন্টোয় কানাডা দিবসে উৎসব অনুষ্ঠানের এক ফাঁকে অভিবাসীদের সঙ্গে আহমেদ হুসেন

পার্শ্ববর্তী মোগাদিসুতে যখন গৃহযুদ্ধ শুরু হলো, তখন এক রাতে হুসেন ও তার পরিবার একটি ট্রাকে চড়ে বসলেন। দক্ষিণাঞ্চলমুখী এ যাত্রায় তারা কেনিয়ার বিভিন্ন এলাকা অতিক্রম করেন। ভয়াবহ মানবেতর জীবনযাপন করতে হয়েছিল সে সময় তার পুরো পরিবারকে। ঘর ছাড়ার দুই বছর পর একদিন তার মা-বাবা জানান যে, তারা তার জন্য টরন্টোর টিকিট কিনেছেন। এর এক বছর আগেই সেখানে তার বড় দুই ভাই পাড়ি দিয়েছিল। সেটা ছিল আহমেদ হুসেনের প্রথম উড়োজাহাজ যাত্রা। কানাডায় অবতরণের পর তাকে অভ্যর্থনা জানায় ফেব্রুয়ারির কনকনে ঠান্ডা হাওয়া, যা ছিল তার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। প্রথমে বড় দুই ভাইয়ের সঙ্গে থাকলেও পরে তিনি হ্যামিল্টনে চলে যান। সেখানে তিনি ছিলেন তার এক কাজিনের সঙ্গে, যিনি সে সময় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। ফলে তার সঙ্গ খুব কমই পাওয়া যেত। আর এক বছরের মাথায় ১৯৯৪ সালে তিনি সম্পূর্ণ একা পথ চলা শুরু করেন।
কানাডায় নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তিনি কানাডীয়দের মহানুভবতাকেই কৃতিত্ব দেন। আহমেদ হুসেন বলেন, ‘প্রতিদিনের পথচলায় কানাডার সাধারণ মানুষের সদয় ব্যবহার আমাকে শক্তি ও সাহস জুগিয়েছে। অনেক কিছুই আমি শিখেছি পথ চলতি মানুষের কাছ থেকে। নিজের সন্তানকে নিয়ে ঘুরতে বের হওয়া এক নারী আমাকে শিখিয়েছেন কীভাবে মেইলবক্স ব্যবহার করতে হয়।’
তিনি বলেন, ‘একজন শরণার্থীর অভিজ্ঞতা সহজ নয়। স্থিতিশীল একটা অবস্থায় পৌঁছাতে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এটা অনেক কঠিন। প্রাত্যহিক কাজের পাশাপাশি আপনাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। অনেক ধরনের ভাবনা কাজ করবে আপনার মাথায়।’
কানাডায় আসার আগে আহমেদ হুসেনের কোনো ব্যাংক হিসাব ছিল না। এক রকম কপর্দক শূন্য অবস্থায় তিনি টরন্টোয় এসেছিলেন। বিনোদনতো দূরের কথা খাবার কিনার পয়সাই ছিল না তার কাছে। এখানে এসে দ্রুততার সঙ্গে কাজে যোগ দেন তিনি। আর অবসর সময়কে কাজে লাগানোর বাস্তবতাও ছিল তার সমানে। ফলে অবসর সময় তিনি কাজে লাগান প্রশিক্ষণ ও পাঠাগারে। তিনি কানাডার একজন নাগরিক হয়ে উঠতে চেয়েছিলেন। আর এ জন্য চেষ্টার কোনো খামতি রাখেননি। তিনি বলেন, ‘আমি এখানে আশ্রিত একজন সোমালি হিসেবে থাকতে চাইনি। এখনো চাই না।’ আর এটিই তার শরণার্থী জীবনের গল্প অনুচ্চারিত থাকার কারণ।
নিজের আয় থেকে অর্থ বাঁচিয়ে তিনি তার শিক্ষা জীবন আবার শুরু করেন। ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়ার সময় তাকে প্রতি দিন বাড়তি পরিশ্রম করতে হতো শুধু শিক্ষা ব্যয় নির্বাহের জন্য। এ সময়ে তার সঙ্গে এক রাজনীতিকের সাক্ষাৎ হয়, যিনি তাকে অন্টারিওর তৎকালীন বিরোধীদলীয় নেতা ডাল্টন ম্যাকগিনটির ব্যক্তিগত সহকারীর চাকরি পেতে সহায়তা করেন। ২০০৩ সালে ম্যাকগিনটি নির্বাচনে বিজয়ী হন। সে সময় মাত্র ২৭ বছর বয়সে হুসেন তার গুরুত্বপূর্ণ একটি দলের সদস্য মনোনীত হন। এ ক্ষেত্রে তার পাঠাগারে কাটানো সময়ই সবচেয়ে বেশি সহায়তা করে। কারণ শরণার্থী জীবনের সেই শুরুর সময়ে পাঠাগারে বসে তিনি বিশ্ব ইতিহাস সম্পর্কে ভীষণ দক্ষ হয়ে উঠেছিলেন।
কিন্তু হুসেন এখানেই থামলেন না। ২০০৫ সালে তিনি ভর্তি হন আইন শিক্ষাপ্রতিষ্ঠানে। এটি তার কর্মপরিধিকে আরও বাড়িয়ে দেয়। বেসরকারি সাহায্য সংস্থা কানাডীয়-সোমালি কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন। এ সময় টরন্টোর আইনজীবী হারমেইন্ডার ঢিলন তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন। মূলত ঢিলন তার ইতিহাসের দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন।
এর পর হুসেন নিজেই আইন ব্যবসা শুরু করেন। মূলত শরণার্থীদের অধিকারের জন্য লড়াই করছিলেন তিনি। এ সময়েই তিনি আরেক সোমালি শরণার্থী ইবাইয়ান ফারাহকে বিয়ে করেন। তিন সন্তানের বাবা আহমেদ হুসেনের কাছে কানাডা বিশেষ কিছু। কারণ এখানেই তিনি আশ্রয় পেয়েছেন। তিনি বলেন, ‘কানাডাকে অনেক কিছু দেওয়ার আছে আমার।’