সাত মুসলিম দেশের ভিসা স্থগিত করলেন ট্রাম্প
শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা সাময়িকভাবে বন্ধ
নির্বাহী আদেশ জারি করে শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা সাময়িকভাবে বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া গত শুক্রবারের ওই আদেশে তিনি সাতটি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা ও অন্যান্য কড়াকড়ি আরোপ করেছেন। কয়েক দিন আগেই ট্রাম্প মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ওই সাত দেশের নাগরিকদের প্রবেশে বিধিনিষেধের ইঙ্গিত দিয়েছিলেন।
সমালোচকেরা ও মানবাধিকার সংগঠনগুলো ডোনাল্ড ট্রাম্পের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। জাতিসংঘও গতকাল শনিবার এক বিবৃতিতে ট্রাম্পকে এ অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।
নিষিদ্ধের তালিকায় থাকা দেশগুলো হলো ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। এর মধ্যে সিরিয়া বাদে বাকি ছয় দেশের ক্ষেত্রে আগামী ৯০ দিন কোনো ভিসা দেওয়া হবে না। সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে ‘অনির্দিষ্টকালের জন্য’।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইসলামি মৌলবাদের’ হাত থেকে যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে এ পদক্ষেপ নিয়েছেন তিনি। ‘দেশকে রক্ষায় যুক্তরাষ্ট্রে বিদেশি সন্ত্রাসীদের প্রবেশ ঠেকানো’ শীর্ষক আদেশটিতে স্বাক্ষরের পর পেন্টাগনে ট্রাম্প বলেছেন, ‘এটা অনেক বড় একটা ব্যাপার।’
ট্রাম্পের এই নির্বাহী আদেশের বলে যুক্তরাষ্ট্রে শরণার্থীদের পুনর্বাসন প্রকল্প অন্তত ১২০ দিনের জন্য বন্ধ হয়ে গেল। ট্রাম্প বলেন, নতুন নিয়মগুলোর আওতায় নিরাপত্তা ও কল্যাণের জন্য হুমকি হবে না, এমন শরণার্থীরাই শুধু যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। ‘অতি কঠোর যাচাইবাছাই প্রক্রিয়ার’ মাধ্যমে আবেদনকারীদের ভিসা দেওয়া হবে।
ট্রাম্প আরও বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘুদের’ জন্য কিছু ব্যতিক্রম থাকবে। নির্বাহী আদেশে নিষিদ্ধের আওতায় থাকা সাত দেশও এর মধ্যে পড়বে।
ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনায় মুখর হয়ে উঠেছে মানবাধিকার সংগঠনগুলো। সন্ত্রাসবিরোধী বিশ্লেষকেরাও এর নিন্দা জানিয়েছেন। তাঁদের ভাষ্য, এই পদক্ষেপের ফলে যুদ্ধবিধ্বস্ত ও সন্ত্রাস-কবলিত অঞ্চলগুলোয় ভুক্তভোগীদের ভোগান্তি আরও বাড়বে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, শরণার্থীরা সুরক্ষা ও সহায়তায় সমানাধিকার পাবে এবং জাতি, ধর্ম, বর্ণ পরিচয় নির্বিশেষে পুনর্বাসনের সুযোগ পাবে।’
বিমানবন্দরে আটকে দেওয়া হচ্ছে শরণার্থীদের
যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি জানান, শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ইরাক থেকে আগত দুজন ইরাকি শরণার্থীকে আটক করা হয়েছে। তাঁদের দুজনের কাছেই বৈধ ভিসা ছিল।
ট্রাম্পের এই নির্দেশ অশাসনতান্ত্রিক, এই যুক্তিতে এই দুই উদ্বাস্তু নিউইয়র্কের ফেডারেল কোর্টে সেদিন রাতেই মামলা দায়ের করেছেন। শুধু তাঁরা দুজন নন, যুক্তরাষ্ট্রে প্রবেশের বৈধ ভিসা আছে, এমন সব উদ্বাস্তুর পক্ষেই এই মামলা করা হয়েছে বলে জানিয়েছে রিফুজি অ্যাসিসট্যান্স প্রজেক্ট নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
জানা গেছে, নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্য কয়েকটি বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আগত একাধিক শরণার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ ছাড়া নিষিদ্ধের তালিকায় থাকা ইরান, ইরাক ও ইয়েমেনের নাগরিকদের নিজ নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্রমুখী বিমানে উঠতে না দেওয়ার ঘটনাও ঘটেছে।