শরণার্থীদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন খরা ও সহিংসতার কারণে মধ্য আমেরিকা থেকে আসা শরণার্থীদের শনাক্ত করে তাদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়েছে। আগুয়ান নতুন বছরে এ অভিযান শুরু হবে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
এ বছর মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থীদের আসার হার কমেছে। তবে গত অক্টোবর ও নভেম্বর মাসে হঠাৎ করে শরণার্থীদের সংখ্যা বেড়ে যায়। এসব শরণার্থীর বেশির ভাগই এসেছে লাতিন আমেরিকার দেশগুলো থেকে। দুর্নীতি, সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগের কারণে শরণার্থীরা যুক্তরাষ্ট্রে পা বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালের খবরে জানানো হয়, যেসব শরণার্থীর সে দেশে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের বাড়িতে ফেরত পাঠানো হবে। অভ্যন্তরীণ নিরাপত্তা সচিব জেহ জনসন বলেন, অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের সীমান্ত খোলা নেই।
শরণার্থী-বিষয়ক অধিকার কর্মীরা বলছেন, দুর্নীতি, সহিংসতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা আশ্রয় চায়, তাদের যুক্তরাষ্ট্রে নেওয়া উচিত। এসব শরণার্থীর বেশির ভাগই হন্ডুরাস, গুয়াতেমালা, হাইতি থেকে এসেছে।