শরৎ থেকে হাইব্রিড পদ্ধতিতে স্কুল ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণিকক্ষের শিক্ষার সমন্বয়ে নিউইয়র্ক নগরের স্কুল আবার চালুর পরিকল্পনা চলছে। করোনাভাইরাস মহামারির কারণে নগরের শিক্ষাব্যবস্থা সংকটের মুখে পড়েছে। এ সংকট থেকে বেরিয়ে নগরের স্কুলগুলো পুনরায় চালু করার জন্য নতুন পরিকল্পনার আওতায় ছোট ছোট গ্রুপে বিভক্ত করে হোম ও শ্রেণিকক্ষে শিক্ষার সমন্বয়ের মাধ্যমে এ থেকে উত্তরণের পথ খুঁজছে সিটি শিক্ষা বিভাগ। লকডাউনের সময়ে ছাত্র–ছাত্রীদের ঘরে বসে অনলাইনে ক্লাস করতে হয়েছে। ৮ জুন থেকে নিউইয়র্ক নগর ধাপে ধাপে খুলে দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চলছে বিস্তর পরামর্শ ও গবেষণা।

শিক্ষাবিভাগ ও ইউনিয়ন কর্মকর্তাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, নগর শিক্ষাবিদদের পরামর্শে হাইব্রিড পদ্ধতির একটি শিক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে সেপ্টেম্বর মাসে স্কুল খোলার পরিকল্পনা রয়েছে। স্কুল চ্যান্সেলর রিচার্ড কারানজা ২২ জুন সিটির স্কুলের প্রিন্সিপালদের একটি চিঠি দিয়েছেন, তাতে তিনি উল্লেখ করেন, আমরা ব্যক্তিগত ও দূরবর্তী শিক্ষা—উভয় পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শরতে আবার ক্লাসভিত্তিক ও দূরবর্তী শিক্ষার সমন্বয়ে এক মিশ্র পদ্ধতির পড়াশোনা চালুর ব্যবস্থা নিচ্ছি।

সম্প্রতি ইউনাইটেড ফেডারেশনের শিক্ষকদের সভাপতি মাইকেল মুলগ্রু তাঁর সদস্যদের একটি ইমেইলে জানিয়েছেন, শিক্ষার্থীদের সম্ভবত ব্যক্তিগত শ্রেণি এবং দূরবর্তী শিক্ষার জন্য একই সময়সূচিতে ছোট ছোট গ্রুপে বিভক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, প্রতিটি স্কুল ভবনে একটি নির্দিষ্ট সময়ে অনুমোদিত ছাত্র–শিক্ষার্থীর সংখ্যা কত হলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে, তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

শিক্ষক নেতা বলেন, আমরা এমন একটি হাইব্রিড মডেল এখন বাস্তবায়ন করব যাতে শিক্ষার্থীরা বেশির ভাগ সময় বিদ্যালয়ে থাকে এবং বাকি সময় দূরবর্তী শিক্ষা চালিয়ে যায়। মুলগ্রু বলেন, তাঁর ইউনিয়ন ৭৫ হাজার শিক্ষক ও ২৭ হাজার আধা পেশাজীবী শিক্ষকের প্রতিনিধিত্ব করে, যারা এ মডেল বাস্তবায়নে কাজ করবে। ইউনিয়ন কর্মকর্তা বলেছেন, হাইব্রিড স্কুল পদ্ধতিতে শিক্ষকেরা দূরবর্তী ও ব্যক্তিগত শিক্ষা পদ্ধতিতে পাঠ দান করবেন। এ ক্ষেত্রে কিছু শিক্ষক দূরবর্তী শিক্ষার জন্য এবং অন্যদের ব্যক্তিগত শিক্ষার জন্য নিযুক্ত করবেন।