>করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনাভরা গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাস থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo. com
নিউইয়র্ক কোলাহলময়। এ শহর তাই আমার এত ভালো লাগে। একবার চার দিনের জন্য আটলান্টায় বেড়াতে গিয়েছিলাম। সুনসান নীরবতায় অল্প সেই কয় দিনেই যেন দম বন্ধ হয়ে আসছিল। যেদিন বিকেলে লাগুয়ারডিয়া এয়ারপোর্টে ফিরে এলাম, মনে হলো প্রাণ ফিরে পেয়েছি। গত দেড়টি দশক শহরটির আনাচকানাচে ঘুরে বেড়িয়েছি, বাসে নয়তো ট্রেনে। কোলাহলভরা বিচিত্র জীবনচিত্র কখনোই একঘেয়ে হয়ে উঠতে দেয়নি শহরটিকে।
অথচ সামান্য একটি অণুজীব পাল্টে দিয়েছে পুরো শহরটির দৃশ্যপট। সপ্তাহ তিনেক আগে ট্রেনে চড়েছিলাম। সাবওয়ে স্টেশনে গিয়ে মনে হলো ,ভুতুড়ে কোথাও চলে এসেছি। জনমনিষ্যির চিহ্ন নেই। নগরবাসীকে তখনো অন্তরীণ থাকার আদেশ জারি হয়নি, তবু এমনই জনহীন। রাত দুইটায়ও এই স্টেশনকে এতটা নীরব হতে দেখিনি। ট্রেনে উঠে দেখি পুরো বগি ফাঁকা। আমরা ছাড়া আর মাত্র একজন যাত্রী। ডাউনটাউন ব্রুকলিনকেও চেনার উপায় নেই। বিপুল নির্জনতায় গুটিকয় মানুষ অপাঙ্ক্তেয়র মতো হেঁটে বেড়াচ্ছেন। অন্য সময় এই এলাকা গমগম করতে থাকে মানুষে।
ব্রুকলিনের যে এলাকায় থাকি, একে বাঙালি পাড়াই বলা চলে। বিশেষ করে চার্চ অ্যাভিনিউর মোড়টা তো খুদে বাংলাদেশ। বাংলাদেশি গ্রোসারি, রেস্টুরেন্ট আর বাঙালিদের আড্ডায় সব সময় মুখর। আমার বাসার সামনের রাস্তায় চব্বিশ ঘণ্টাই হরেক যানবাহন। আর দিনরাত বাংলায় কথা বলতে বলতে যাতায়াত করা অজস্র মানুষ। রাস্তার ধারের চব্বিশ ঘণ্টার লন্ড্রি রাতদিন মানুষে গমগমে। লোকালয়ে মানুষের কলরব আমি ভালোবাসি।

নিউইয়র্কে লকডাউন ঘোষণা করা হলো গত মাসের মাঝামাঝি। সব একদম নিশ্চুপ হয়ে গেল। বন্ধ হয়ে গেল বাঙালি রেস্টুরেন্ট, গ্রোসারি, চীনে ড্রাই ক্লিনিং, ওষুধের দোকান—সব। খোলা রইল শুধু মোড়ের ওয়ালগ্রিন্স ফার্মেসি আর গুটিকয় সুপারমার্কেট। রাত সাড়ে ১০টা বাজলেও কলেজ থেকে ফিরে কখনো এতটা নীরব হতে দেখিনি যে চার্চ অ্যাভিনিউর মোড়টাকে, এখন দিনের বেলাতেও সেটি খাঁ খাঁ করতে থাকে। মনে হয় যেন হরতালের দিনের নীরব ঢাকা।
আগে আক্ষেপ করতাম বসন্তে কোকিলের ডাক শুনতে পাই না বলে। এবার গাড়িঘোড়ার আওয়াজ থেমে যাওয়ায় জানতে পারলাম, এই নগরীতেও পাখি কাকলিতে মাতে। রোদেলা ঝকঝকে দিনে বাইরে বেরোতে পারছি না কেউ, কিন্তু কত রকম পাখির কাকলি মন ভরিয়ে উঠছে। এ যেন অন্য শহর।
অ্যাম্বুলেন্সের আওয়াজ কখনোই আমার পছন্দ হয় না। অ্যাম্বুলেন্স যে শুধু শ্রবণবিদারী, তা তো নয়; হৃদয়বিদারীও। এই শহরে দ্রুত ধাবিত অ্যাম্বুলেন্সের শব্দই এখন মিনিটে মিনিটে নীরবতা খান খান করে দিচ্ছে। নিঃশব্দ লোকালয়ের মৌনতা ভেঙে হয়তো এক আশার দিকে ছুটে চলেছে সেটি। হয়তো হাসপাতালে গিয়ে সুস্থ হয়ে উঠবেন কেউ কেউ। হয়তো কেউ হবেন না।
নিউইয়র্কবাসী গর্ব করে বলে, এটি সারা বিশ্বের রাজধানী। এ শহর সদা জাগ্রত। সে শহর এখন সুনসান। যে পার্কে বসন্তের নতুন ঘাসে খেলায় মেতে ওঠে শিশুরা, দৌড়ে বেড়ায় স্বাস্থ্যপ্রত্যাশী নগরবাসী, শুয়ে থাকে রৌদ্রস্নানার্থীরা, ম্যানহাটানের সেই সেন্ট্রাল পার্ক এখন অস্থায়ী হাসপাতাল। সেখানে সারি সারি সাদা তাঁবুতে কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের নিত্য আনাগোনা। তাঁদের কেউ রোগ থেকে সেরে উঠে বাড়ি ফিরছেন। কেউ ঢুকে যাচ্ছেন পার্ক করে রাখা ভ্রাম্যমাণ হিমায়িত মর্গে।
মনে মনে ভাবি, এ নিশ্চয়ই কোনো চিরস্থায়ী দৃশ্য নয়। এই দৃশ্য বদলাবেই। আর আমার চেনা শহর ফিরে পাবে তার একান্ত প্রাণস্পন্দন।