শহীদ কাদরী স্মৃতি সাহিত্য পুরস্কার চালু হচ্ছে

নিউইয়র্ক বাংলা বইমেলায় অভিবাসী লেখকদের রচিত সেরা বইয়ের জন্য মুক্তধারা ফাউন্ডেশন একটি বার্ষিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এই পুরস্কারের নাম হবে ‘শহীদ কাদরী স্মৃতি সাহিত্য পুরস্কার’। পুরস্কারের মূল্যমান হবে ৫০০ মার্কিন ডলার।
বাংলাদেশ ও ভারতের বাইরে বসবাসরত বাংলাভাষী যেকোনো লেখকের রচিত বাংলা গ্রন্থ থেকে সেরা বইটি পুরস্কারের জন্য বেছে নেওয়া হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী নয়, এমন যেকোনো গদ্য-পদ্য পুরস্কারের যোগ্য বিবেচিত হবে। এসব গ্রন্থের প্রকাশকাল হবে জুলাই থেকে জুন। যেমন ২০১৮ সালের জুলাই ও ২০১৯ সালের জুন মাসের মধ্যে প্রকাশিত যেকোনো বই ২৮-তম নিউইয়র্ক বাংলা বইমেলায় পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হবে। লেখক নিজে অথবা যেকোনো পাঠক তাঁর চোখে বিবেচিত বছরের শ্রেষ্ঠ গ্রন্থটি পুরস্কারের জন্য নির্বাচনার্থে নাম প্রস্তাব করতে পারেন। মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহীর কমিটির কোনো সদস্য এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।
প্রাথমিকভাবে মুক্তধারা ফাউন্ডেশনের একটি রিভিউ কমিটি পুরস্কার বিবেচনার্থে পাঠানো গ্রন্থ থেকে মোট পাঁচটি গ্রন্থের একটি ‘ক্ষুদ্র তালিকা’ তৈরি করবেন। ২৮-তম বইমেলায় এই ‘ক্ষুদ্র তালিকা’ প্রকাশ করা হবে।
পরবর্তী সময়ে বাংলাভাষার প্রতিনিধিত্বশীল তিন সদস্যের একটি কমিটি তালিকাভুক্ত গ্রন্থ থেকে ‘শহীদ কাদরী স্মৃতি পুরস্কার’ নির্ধারণ করবেন। ২০২০ সালের বইমেলায় এই পুরস্কার ঘোষণা করা হবে।
এই পুরস্কারের নাম প্রয়াত কবি শহীদ কাদরীর নামানুসারে প্রবর্তনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কবি-পত্নী নীরা কাদরী। মুক্তধারা ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা গোলাম ফারুক
ভূঁইয়া এই পুরস্কারের অর্থ দিতে সম্মত হয়েছেন।