শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালন

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালন করেছে ঘাতক-দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র শাখা। এ উপলক্ষে সংগঠনটি ৫ জুলাই এক অনলাইন আলোচনা সভার আয়োজন করে। সভায় বাংলাদেশ এবং আমেরিকার নিউজার্সি, নিউইয়র্ক, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে বিভিন্ন বক্তা অংশ যোগ দেন।
নিউ ইংল্যান্ড শাখার সভাপতি মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহরিয়ার কবির, লেখক ড. নুরুননবি; নিউইয়র্ক নির্মূল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে ফাহিম রেজা নূর ও স্বীকৃতি বড়ুয়া, নিউ ইংল্যান্ড কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ড. বামন দাশ বসু, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ও সহসভাপতি যথাক্রমে ওসমান গনি ও বিশ্বজিৎ সাহা, শহিদুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সাবেক সভাপতি হ্যাপি ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহিতোষ তালুকদার, মোর্শেদা হানিফ ও মিশা রহমান।
সভায় বক্তারা সংগঠনের মাধ্যমে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গঠনে, ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া, বিদেশে পলাতক ১৯৭১ সালের ঘাতক ও দালালদের বিচারের রায় কার্যকর, শহীদ জননী জাহানার ইমামের জীবনী ও কর্মময় জীবন বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সব শ্রেণির পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করাসহ বেশ কিছু দাবি উত্থাপন করেন।