শাজাহান খানকে বাদ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কুর্মিটোলা এলাকায় বিমানবন্দর সড়কে বাসেরচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু নিয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের হাসিমাখা মুখে করা মন্তব্য নিয়ে দেশের পাশাপাশি আমেরিকায় বসবাসরত প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই অযাচিত আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে মানুষ। ঘটে অভূতপূর্ব ঘটনা। দেশে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ-আন্দোলন করতে থাকে। ঢাকা মহানগরীর ট্রাফিক নিয়ন্ত্রণের ভারও তারা নিজের হাতে নিয়ে নেয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিউইয়র্কে বসবাসরত কয়েকজন বিশিষ্টজনের সঙ্গে প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের পক্ষ থেকে কথা বলা হয়। তাঁরা সবাই শিক্ষার্থীদের এই আন্দোলনকে ন্যায্য বলে দাবি মন্তব্য করেন। তাঁরা বলেন, এ আন্দোলন পরিবহন খাতে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন। তাই এই খাতে যেকোনো অন্যায়ের বিচার হওয়া উচিত। শাজাহান খানের মতো ব্যক্তিকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া উচিত।

মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নুরুন্নবী: ছাত্রদের দাবি ন্যায্য। শুধু শিক্ষার্থীরা কেন, দেশের সব মানুষই নিরাপদ সড়ক চায়। সবার সমর্থন আছে বলেই এই আন্দোলন দানা বাঁধতে কোনো নেতার প্রয়োজন পড়েনি। এই বিক্ষোভ সহানুভূতির সঙ্গে মোকাবিলা করতে হবে। কোমলমতি শিশুদের পুলিশ পেটাচ্ছে—এটা সরকারের ভাবমূর্তির জন্যও ভালো না। পরিবহন খাত, যানবাহন ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত, তাদের কালো টাকার দাপট আছে। রাজনৈতিক কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেকে ভয় পায়। পরিবহন খাতের নৈরাজ্যের সঙ্গে বড় বড় সব দলের উচ্চপর্যায়ের নেতারাও যুক্ত। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আগেও বেফাঁস মন্তব্য করেছেন। এ ঘটনার পরও বেফাঁস মন্তব্য করলেন। তাঁর বক্তব্য সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। সামনে জাতীয় নির্বাচন। কোটাবিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনসহ সাধারণ মানুষের আন্দোলনগুলো নিয়ে বেফাঁস মন্তব্য নির্বাচনে প্রভাব ফেলতে পারে। সিলেটের মেয়র নির্বাচন তারই একটি প্রমাণ। আমরা গণতান্ত্রিক সমাজে বাস করি। জনগণের কথা ভেবেই কাজ করা উচিৎ।

মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম: আমি তো চিন্তাই করতে পারি না, পুলিশ বাচ্চাদের কেন এভাবে মারবে? স্কুলের শিক্ষার্থীদের এত বড় বিক্ষোভ হবে, আন্দোলন হবে, তা ভাবতেও পারিনি। বাচ্চারা যা দেখে, তা থেকেই শেখে। ওরা বাংলাদেশের মানুষকে প্রতিবাদ করতে দেখেছে, ওরা জানে একতা-সংহতির একটা শক্তি আছে। গণজাগরণ মঞ্চের অভিজ্ঞতাও কম ছিল না। গণজাগরণ মঞ্চ শিখিয়েছিল, মানুষ একতাবদ্ধ হলে তা শক্তিতে পরিণত হয়।

আমাদের ছেলেবেলায় আইয়ুব খানের আমলে ‘পাকিস্তান দেশ ও কৃষ্টি’ নামে একটা বই পাঠ্য করা হয়েছিল। আইয়ুবীয় চিন্তাভাবনা শিশুদের মগজে ঢোকানোর জন্যই তা করা হয়েছিল। তখন ক্লাস নাইন-টেনের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সে বই প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল সরকার। শিশুরা বিবেকের ডাকে সাড়া দিয়েছে। এখনো তাদের মন নিষ্কলুষ, জাগতিক স্বার্থের সঙ্গে তারা পরিচিত হয়ে ওঠেনি, তাই কোনো অসৎ প্রবণতা তাদের প্রলুব্ধ করতে পারেনি। ওদের পাশে ওরা মা-বাবাকে পেয়েছে।

শাজাহান খানের মতো অপদার্থকে মন্ত্রিত্বে রাখার কোনো প্রয়োজন নেই। নূর হোসেন হত্যাকাণ্ড এরশাদ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল, উত্তরবঙ্গে পুলিশ কর্তৃক ইয়াসমীনকে ধর্ষণ ও হত্যা ভিত খালেদা জিয়ার নড়িয়ে দিয়েছিল। এখন শাজাহান খানের এমন কথাবার্তা আওয়ামী লীগের ভিতও নাড়িয়ে দিতে পারে। যেকোনো অন্যায়ের বিচার হওয়া উচিৎ।

কমিউনিটি নেতা মোহাম্মদ আলী: সম্প্রতি ঢাকায় দুজন স্কুল শিক্ষার্থীকে যেভাবে বাস চাপা দিল তাকে একধরনের হত্যাকাণ্ডই বলা চলে। সড়কপথে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। এগুলো আসলে দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। এই ঘটনার পর নৌপরিবহনমন্ত্রী হাসিমুখে যেভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, তা অকল্পনীয়, যদিও পরে তিনি দুঃখপ্রকাশ করেছেন। কিন্তু ততক্ষণে অনেককিছু ঘটে গেছে। দেশব্যপী স্বতস্ফূর্তভাবে স্কুলের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। পুলিশ কোমলমতী শিক্ষার্থীদের নির্যাতন করেছে। এই নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না। আন্দোলনের প্রতি এই উদসীনতাও মেনে নেওয়া যায় না। এটি অত্যন্ত বেদনাদায়ক। এরপর প্রধানমন্ত্রী কিছু নির্দেশ দিয়েছেন। আশা করব বিনা লাইসেন্সে বাস চালানো বন্ধ হবে, বাসের ফিটনেস কঠোরভাবে পরীক্ষা-নীরিক্ষা করেই বাস নামানো হবে। এই আন্দোলনের পেছনে বিরোধীদলের উসকানি দেখার দরকার নেই। এ দাবি দলমতনির্বিশেষে সবার। প্রতিকার করতে হবে সবার কথা ভেবেই।

সাংস্কৃতিক সংগঠক ফাহীম রেজা নূর: যেকোনো মৃত্যুই বেদনার। জাবালে নূর নামে যে বাসটি রাজধানীর কুর্মিটোলায় দুই শিশুকে হত্যা করেছে, সেই বাসটির চালককে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নৌপরিবহনমন্ত্রীর উক্তি ছিল দুঃখজনক। তিনি পরে দুঃখপ্রকাশ করেছেন, কিন্তু ততক্ষণে সাধারণ মানুষ তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে। নিরাপদ সড়ক দাবি করা অন্যায় কিছু নয়। শিক্ষার্থীদের এই দাবি প্রত্যেকেরই দাবি। প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করব, সেগুলো পালন করা হবে। মনে রাখা দরকার, পরিবহন খাতের নৈরাজ্যের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মাসলম্যানেরাই দায়ী। মাসলম্যানদের হাত থেকে এই খাত মুক্ত করে একটি বা কয়েকটি কর্তৃপক্ষের হাতে পরিবহন খাত ছেড়ে দিলে জনগণ উপকার পেতে পারে। নিউইয়র্ক বা যেকোনো দেশের যেকোনো উন্নত শহরের পরিবহন ব্যবস্থা থেকেও এ শিক্ষা নেওয়া যায়।

সাংবাদিক মাহফুজুর রহমান: আমি লক্ষ্য করলাম, বহুদিন পর এমন একটি আন্দোলন হলো, যে আন্দোলন কোনো দলীয় দাবির প্রতিফলন নয়। এ আন্দোলন সরকারবিরোধী আন্দোলন নয়, এ আন্দোলন পরিবহন খাতে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন—এটাই এই আন্দোলনের সবচেয়ে ইতিবাচক দিক।

স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছে। দলমতনির্বিশেষে কেউই এই দাবির বিরুদ্ধে নয়। সুতরাং, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিবহন খাতের নৈরাজ্য দূর করা গেলে, স্বার্থান্বেষী মহলের হাত থেকে এই খাত মুক্ত করা গেলে পরিবহন ব্যবস্থাটা বেঁচে যাবে ও নিরাপদ সড়কের জন্য আর কাউকে রাস্তায় আন্দোলন করতে হবে না।