শান্ত হচ্ছে ফার্গুসন, নতুন গ্র্যান্ড জুরি হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষ্ণাঙ্গ তরুণ হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত না করার জেরে উত্তাল যুক্তরাষ্ট্রের ফার্গুসন শহর শান্ত হয়ে আসছে। গত সোম ও মঙ্গলবারের তুলনায় বুধবার ফার্গুসনসহ বিভিন্ন বিক্ষুব্ধ এলাকার পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল।
এদিকে তরুণ মাইকেল ব্রাউনকে গুলি করা পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনকে অভিযুক্ত করার প্রশ্নে দ্বিতীয় গ্র্যান্ড জুরি গঠনের বিষয়টি নাকচ করে দিয়েছেন মিজৌরি অঙ্গরাজ্যের গভর্নর। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
মিজৌরির সেন্ট লুইস শহরের উপকণ্ঠ ফার্গুসনে গত বুধবার রাতের পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত ছিল। ভারী তুষারপাতের মধ্যেও কিছু বিক্ষোভকারীকে রাজপথে অবস্থান নিতে দেখা যায়। এর আগে সকালের দিকে অন্তত ২০০ বিক্ষোভকারী সেন্ট লুইস পৌর ভবনে উইলসনের প্রতীকী বিচারের আয়োজন করে। একপর্যায়ে হলের ভেতরে ভাঙচুরের চেষ্টা চালায় তারা। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানে থেকে দুই বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
সেন্ট লুইস কাউন্টির পুলিশপ্রধান জন বেলমার সাংবাদিকদের বলেন, আগের দুই রাতের তুলনায় বুধবার রাতের পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও আগের দুই দিনের তুলনায় পরিস্থিতি শান্ত ছিল। তবে নাগরিক অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন কাল শনিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।
নিহত তরুণ ব্রাউনের প্রতি সমবেদনা জানিয়ে ও পুলিশ কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে গত বুধবার লন্ডনেও বিক্ষোভ হয়েছে।
ব্রাউন হত্যাকাণ্ডে পুলিশ কর্মকর্তা উইলসনকে অভিযুক্ত করার প্রশ্নে নতুন গ্র্যান্ড জুরি গঠনের বিষয়টি নাকচ করে দিয়েছেন মিজৌরির গভর্নর জে নিক্সন। গভর্নরের একজন মুখপাত্র এ কথা জানান।
ব্রাউন পরিবারের প্রতিক্রিয়া: তিনি সঠিক কাজ করেছেন—পুলিশ সদস্য উইলসনের এ দাবির পর মাইকেল ব্রাউনের বাবা তাঁকে খুনি বলে আখ্যা দিয়েছেন। জুরির সিদ্ধান্ত জানার পর এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইলসন বলেছিলেন, তিনি সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করেছেন। একই পরিস্থিতিতে পড়লে আবারও একই কাজ করবেন।
নিহত ব্রাউনের মা বলেন, উইলসনের এই মন্তব্য ‘অসম্মানজনক’। ব্রাউনের বাবা অভিযোগ করেন, রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা তাঁর ছেলের চরিত্রকে ‘ক্রুশবিদ্ধ করে হত্যা করেছেন’। তিনি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে সবার প্রতি আহ্বান জানান।
‘ব্ল্যাক ফ্রাইডে’ বর্জনের আহ্বান: ব্রাউন হত্যা নিয়ে গ্র্যান্ড জুরির সিদ্ধান্তের প্রতিবাদে আজ শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে পালন না করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী অভিনেতা ক্যাট গ্রাহাম, টিভি তারকা জেসি উইলিয়ামসহ অনেক তারকা। প্রতিবছরের এই দিনে বিক্রেতারা বড় ধরনের ছাড় দেন বলে কেনাকাটায় ব্যস্ত সময় কাটায় মানুষ। ক্যাট গ্রাহাম খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারে লিখেছেন, ‘জাতিকে বদলে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। আসুন একসঙ্গে আমরা ব্ল্যাক ফ্রাইডে বর্জন করি।’