শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্প-জামাতা কুশনার মধ্যপ্রাচ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যারেড কুশনার। ছবি: রয়টার্স
জ্যারেড কুশনার। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও তাঁর সরকারের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এক শান্তি পরিকল্পনা নিয়ে মধ্যপ্রাচ্য সফরে বেরিয়েছেন।

কুশনার এই সফরে ইসরায়েলসহ মোট পাঁচটি দেশের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন। বাকি দেশগুলো হলো সৌদি আরব, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত।

তবে মধ্যপ্রাচ্যে মূল সংকট যাদের নিয়ে, সেই ফিলিস্তিনই কুশনারের এই সফরের বাইরে রয়েছে।

হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, শতাব্দীর সেরা শান্তি চুক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত দুই বছর কুশনার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই সফরকালে তার যৌক্তিকতা আরব-ইসরায়েলি নেতাদের বুঝিয়ে বলবেন তিনি।

কথিত শান্তি চুক্তি পরিকল্পনায় কী আছে, কেউ সে কথা এখনো জানেন না। কুশনার বা ট্রাম্প কেউই খোলাসা করে কিছু বলেননি।

দুই সপ্তাহ আগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক শান্তি সম্মেলনে অংশগ্রহণের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। জবাবে নেতানিয়াহু বলেন, এখন পর্যন্ত নতুন কিছু শোনেননি তিনি।

২০০২ সালে সৌদি আরবের বাদশা জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে যে শান্তি প্রস্তাব দিয়েছিলেন, সেটাই নতুন করে বলছেন কুশনার। শুধু যোগ করেছেন এই—বিনিময়ে আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেবে।

নেতানিয়াহু বলেছেন, এপ্রিলে তাঁর দেশে নির্বাচন। তার আগে এ নিয়ে কথা বলার সময় তাঁর নেই।

অন্যদিকে ফিলিস্তিন জানিয়ে দিয়েছে, কুশনারের সঙ্গে তারা কথা পর্যন্ত বলতে আগ্রহী নয়। কারণ, ট্রাম্প প্রশাসন শান্তির প্রশ্নে নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়।

প্রেসিডেন্ট ট্রাম্প গত বছর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস কুশনার ও তাঁর প্রতিনিধিদের সঙ্গে সব আলোচনা বন্ধ করে দেন।

মাহমুদ আব্বাসের পদক্ষেপে কুশনারের উদ্যম অবশ্য কমেনি। স্কাই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তাঁর প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মধ্যপ্রাচ্যের সবার জন্য কল্যাণ বয়ে আনবে। এই পরিকল্পনা একদিকে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করবে, অন্যদিকে সবার মুক্তির নিশ্চয়তা দেবে।

কুশনার জানান, সীমান্ত বিভক্তির বিষয়টি সবচেয়ে জটিল। সে কথা মাথায় রেখে ইসরায়েল ও ফিলিস্তিনিদের কাছ থেকে কিছু কিছু বিষয়ে ছাড়ের কথা বলা হয়েছে পরিকল্পনায়।

তবে ছাড়ের ব্যাপারে যে কেউ-ই আগ্রহী নয়, কুশনার সে কথাও স্বীকার করেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর পারস্পরিক সমৃদ্ধির কথা মাথায় রেখে তাঁর পরিকল্পনায় অর্থনৈতিক সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে।

অর্থনৈতিক সমন্বয়ের ওপর জোর দেওয়ার অন্যতম কারণ সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে দৃশ্যমান সমঝোতা। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো ইরানের রাজনৈতিক-সামরিক উত্থান ঠেকাতে ইসরায়েলের সঙ্গে হাত মেলাতে তৈরি। ওয়ারশ সম্মেলনে এসব দেশের নেতাদের পাশাপাশি বসে থাকতে দেখা গেছে।

কিন্তু ফিলিস্তিনিদের রাজি করানো না গেলে কোনো পরিকল্পনা নিয়েই এগোনো সম্ভব না। সে জন্য তাদের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে ট্রাম্প প্রশাসন একের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক বাধা সৃষ্টি করে যাচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু সংস্থার জন্য নির্ধারিত ত্রাণ তারা ইতিমধ্যে কাটছাঁট করেছে। ওয়াশিংটন ডিসিতে প্যালেস্টাইন অথোরিটির যে দূতাবাস ছিল, তা–ও তারা বন্ধ করে দিয়েছে।

ঝামেলা ফিলিস্তিনিদের মধ্যেও আছে। হামাস ও ফাতাহ—এই দুই প্রধান ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে বিরোধ মেটার কোনো লক্ষণ নেই।

ফেব্রুয়ারির মাঝামাঝি রুশ সরকারের উদ্যোগে মস্কোতে এই দুই দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কথা-কাটাকাটি ছাড়া এই বৈঠকে কাজের কাজ কিছুই হয়নি। এমনকি কোনো যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতেও তারা সম্মত হয়নি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ তাদের আলোচনা অব্যাহত রাখবে। সেটাকেই তারা অগ্রগতি বলে ব্যাখ্যা করেছে।