শান্তিতে নোবেলজয়ী এলি উইসেল আর নেই

কুখ্যাত অশউইৎজ বন্দিশিবির থেকে বেঁচে যাওয়া নোবেল শান্তি পুরস্কারজয়ী এলি উইসেল (৮৭) গত শনিবার যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির অধিকৃত পোল্যান্ডের ওই বন্দিশিবিরের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিকথা নাইট লিখে বিখ্যাত হন উইসেল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সংঘটিত গণহত্যার প্রত্যক্ষদর্শীর বর্ণনার স্বীকৃতি হিসেবে উইসেল ১৯৮৬ সালে নোবেল পুরস্কার অর্জন করেন। একপর্যায়ে তিনি ‘হলোকস্ট’ বা বিশ্বযুদ্ধের সময়কার ইহুদি নিধনযজ্ঞ প্রসঙ্গে বিশ্বের শীর্ষস্থানীয় মুখপাত্র হিসেবে পরিচিতি পান।
এলি উইসেলের জন্ম ১৯২৮ সালের ৩০ সেপ্টেম্বর, রোমানিয়ায়। হলোকস্ট চলাকালে তিনি ছিলেন কিশোর বয়সের। তখন প্রথমে তাঁদের সপরিবারে ধরে অশউইৎজে আটক রাখা হয়। উইসেলের মা ও ছোট বোনকে নাৎসি বাহিনী এ বন্দিশিবিরের গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করে। পরে তাঁর বাবার মৃত্যু হয় রোগে ও অনাহারে জার্মানির বুখেনভাল্ড বন্দিশিবিরে। সেখান থেকেই উইসেলকে মার্কিন সেনারা মুক্ত করেছিল। পরবর্তী সময়ে প্যারিসের সোর্বোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি।
এলি উইসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদসহ অনেকে। উইসেলের তিন খণ্ডের স্মৃতিকথা নাইট প্রকাশিত হয় ১৯৫৬ সালে। এটি অনুবাদ করা হয়েছে অন্তত ৩০টি ভাষায়।