শান্তিপূর্ণ পালাবদল চান ওবামা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর আনুষ্ঠানিক ভাষণে তাঁকে অভিনন্দন জানালেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বুধবার হোয়াইট হাউসে দেওয়া ভাষণে অভিনন্দন জানিয়ে তাঁর সাফল্য কামনা করেন তিনি। ওবামা নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পরপরই বিবৃতি দিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন ওবামা। তিনি ট্রাম্পকে আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর কথাও বলেন। যাতে করে ক্ষমতা হস্তান্তর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়।
ওবামা তাঁর ভাষণের শুরুতেই নির্বাচনী প্রচারণার সময়কার কথা স্মরণ করে বলেন, ‘এটা বলতে কোনো দ্বিধা নেই যে, ট্রাম্পের সঙ্গে আমার বিস্তর মতভিন্নতা রয়েছে। আট বছর আগে নির্বাচনের সময় জর্জ ডব্লিউ বুশের সঙ্গেও এ ধরনের ভিন্নতা ছিল। কিন্তু বুশ সে সময় ক্ষমতা হস্তান্তরে যে দক্ষতা দেখিয়েছিলেন তা তুলনাহীন।’
ওবামা বলেন, ‘আমিও সেই পদ্ধতি অনুসরণ করে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য নির্দেশ দিয়েছি।’ তিনি বলেন, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর আমাদের সংবিধানের একটি বৈশিষ্ট্য। তিনি বলেন, ‘ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল আমাদের গণতন্ত্রের অন্যতম নির্দেশক। এবং আমরা পরবর্তী কয়েক মাসের মধ্যে বিশ্বকে সেটা দেখাতে পারব।’
হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দেওয়া ভাষণে ওবামা আরও বলেন, ‘নির্বাচনে নিজেদের পক্ষ হারলে সবাই দুঃখ পায়। তবে দিনের শেষে আমাদের স্মরণ করতে হবে আমরা প্রকৃত অর্থে সবাই একই দলের। এই নির্বাচন দেশের মধ্যেই লড়াই। আমরা প্রথমত ডেমোক্র্যাট নয়, রিপাবলিকানও নই। আমরা প্রথমত আমেরিকান। আমরা প্রথমত দেশপ্রেমিক। এই দেশের জন্য যা ভালো আমরা সবাই সেটা চাই। গত রাতে এই ট্রাম্পের মুখ থেকে আমি এই মন্তব্য শুনতে পাই। এটাই আমি শুনতে পাই যখন আমি তাঁর সঙ্গে সরাসরি কথা বলি। আমি এটা শুনে আমি উৎসাহিত হই।’
নির্বাচনের ফলে হতাশ তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের সাহসী থাকতে হবে। কখনোই নৈরাশ্যবাদী হবে না। কখনোই ভেবো না যে, তোমরা কিছু ভিন্ন কিছু করতে পারবে না।’
ওবামা বলেন, এটা গোপন নয় যে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ও আমার মধ্যে কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। তবে আমরা এখন দেশের মানুষকে একত্র করতে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর সাফল্য কামনা করি।’
ওবামার এই বক্তব্যের সঙ্গে গত সোমবার দেওয়া বক্তব্যের বিস্তর ফারাক রয়েছে। ওই সময়ে ওবামা হিলারির পক্ষে মরিয়া হয়ে চূড়ান্ত নির্বাচনী প্রচারণা চালান। হিলারি পক্ষে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য অপ্রস্তুত ও ‘যোগ্য নয়’ বলে বর্ণনা করেছিলেন। পাশাপাশি ওবামা সতর্ক করে দিয়ে বলেছিলেন, তাঁকে নির্বাচিত করা হলে আট বছরের অগ্রগতি ধূলিসাৎ হয়ে যাবে।
তবে গতকাল বুধবার দেওয়া ভাষণে ওবামা নির্বাচনী প্রচারণাকালীন সময়ের মতো ট্রাম্প সম্পর্কে নেতিবাচক কোনো মন্তব্য করেননি। এমনকি তিনি তার সেই সব নীতির তালিকাও উল্লেখ করেননি যা ট্রাম্প সম্পূর্ণ উল্টে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এর পরিবর্তে ওবামা এই নির্বাচনের ফলকে দেখছেন জাতির রাজনৈতিক গতিপথের স্বাভাবিক পরিবর্তন হিসেবে। তিনি বলেন, ‘যে পথ এই দেশ বেছে নিয়েছে তা কখনোই সরল রেখার মতো নয়। এ পথ বক্র। আমরা তখন এ পথে হাঁটি তখন কেউ ভাবে আমরা এগোচ্ছি কেউ ভাবে পিছিয়ে যাচ্ছি।’
এ সময় ওবামার সঙ্গে হোয়াইট হাউসের শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।