শান্তির সংস্কৃতিকে এগিয়ে নিতে কাজ করছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন (ফাইল ছবি)
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন (ফাইল ছবি)

বঙ্গবন্ধুর দেখানো পথেই শান্তির সংস্কৃতিকে এগিয়ে নিতে বৈশ্বিক পরিমণ্ডলে সামনের সারিতে থেকে এবং জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কর্মসূচিতে নেতৃস্থানীয় ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে ‘শান্তির সংস্কৃতির’ ওপর জাতিসংঘের উচ্চপর্যায়ের ফোরামে সাধারণ বিতর্কে দেওয়া বক্তব্যে এ কথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

মাসুদ বিন মোমেন বলেন, জাতির পিতা আমাদের পররাষ্ট্রনীতির মৌলিক বিষয়গুলোর মধ্যে শান্তির সংস্কৃতিকে প্রোথিত করেছিলেন। আজ থেকে ৪২ বছর আগে জাতিসংঘে দেওয়া প্রথম বাংলা ভাষণে জাতির পিতা ‘সকলের প্রতি বন্ধুত্ব, কারও প্রতি বৈরিতা নয়’, ‘বিরোধের শান্তিপূর্ণ সমাধান’ ও ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পেশিশক্তির ব্যবহার বর্জন’ এর মতো বিষয়গুলো উল্লেখ করেছিলেন।

শান্তির সংস্কৃতির অগ্রসরতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নীতি-আদর্শকে তাঁর সরকার ও তাঁর রাজনৈতিক মতাদর্শের কেন্দ্রীয় নীতি হিসেবে ধারণ করেছেন। তাঁর প্রথমবারের সরকারের সময় ১৯৯৭ সালে তিনিই প্রথম ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটি প্রস্তাব করেন।

রাষ্ট্রদূত মাসুদ বলেন, বাংলাদেশ শান্তিবিষয়ক শিক্ষার ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছে এবং সে অনুযায়ী স্কুলের পাঠ্যসূচিতে শান্তি-সম্পর্কিত পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘স্কুলে যাওয়ার আগেই পরিবার থেকে শান্তির সংস্কৃতির শিক্ষা শুরু করা উচিত। পারিবারিক এই শিক্ষাই সমাজ থেকে দেশ, দেশ থেকে বিশ্বব্যাপী শান্তির সংস্কৃতি ও সহনশীলতার আন্দোলনকে বেগবান করতে পারে। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আমরা ‘সমগ্র সমাজ’ পদ্ধতি গ্রহণ করেছি।

সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধসহ দুর্দশাগ্রস্ত মানুষদের নিয়ে যে গুরুতর চ্যালেঞ্জ বাংলাদেশ মোকাবিলা করছে, সে বিষয়ে রাষ্ট্রদূত এ পরিষদকে অবহিত করেন। এই পরিস্থিতিতে শান্তি ও মানবতা রক্ষার স্বার্থে এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি মনোনিবেশ প্রত্যাশা করেন।

‘শান্তির সংস্কৃতি’র সাধারণ বিতর্ক অংশে সভাপতিত্ব করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন।

বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে মডারেটরের দায়িত্ব পালন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি আনোয়ারুল করিম চৌধুরী।