শান্তির সংস্কৃতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুদ বিন মোমেন
মাসুদ বিন মোমেন

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, ‘বঙ্গবন্ধুর দেখানো পথেই শান্তির সংস্কৃতিকে এগিয়ে নিতে বৈশ্বিক পরিমণ্ডলে সামনের সারিতে থেকে এবং জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কর্মসূচিতে নেতৃস্থানীয় ভূমিকা রাখছে বাংলাদেশ।

৭ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে ‘শান্তির সংস্কৃতি’ শীর্ষক উচ্চপর্যায়ের ফোরামে সাধারণ বিতর্কে বক্তৃতাকালে এ কথা বলেন মাসুদ বিন মোমেন।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, “জাতির পিতা আমাদের পররাষ্ট্রনীতির মৌলিক বিষয়গুলোর মধ্যে শান্তির সংস্কৃতি প্রোথিত করেছিলেন। আজ থেকে ৪২ বছর আগে জাতিসংঘে প্রদত্ত প্রথম বাংলা ভাষণে তিনি ‘সবার প্রতি বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’, ‘বিরোধের শান্তিপূর্ণ সমাধান’ ও ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পেশি শক্তির ব্যবহার বর্জন’-এর মতো বিষয়গুলো উল্লেখ করেছিলেন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নীতি-আদর্শকে তাঁর সরকার ও তাঁর রাজনৈতিক মতাদর্শের কেন্দ্রীয় নীতি হিসেবে ধারণ করেছেন। তাঁর প্রথম সরকারের মেয়াদে ১৯৯৭ সালে তিনিই প্রথম ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটির প্রস্তাব করেন। সেই থেকে বাংলাদেশ স্বপ্নদর্শী ও সর্বজনীন এই ‘শান্তির সংস্কৃতি’ ধারণার পূর্ণ ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত সব ঘোষণা ও কর্মপরিকল্পনার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য ১৯৯৭ সাল থেকে শুরু করে প্রতিবছরই জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে ‘শান্তির সংস্কৃতি’র প্রস্তাবসমূহ পাস হয়। সভায় রাষ্ট্রদূত মাসুদ আরও বলেন, বাংলাদেশ শান্তি বিষয়ক শিক্ষার ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছে এবং সে অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে শান্তি সম্পর্কিত পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে শিক্ষার্থীরা শৈশব থেকেই এ বিষয়ে শিক্ষা পায়। তরুণদের মনে শান্তির সংস্কৃতির বীজ বপনের ক্ষেত্রে কিছু বিষয়ের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে তিনি বলেন, স্কুলে যাওয়ার আগেই পরিবার থেকে শান্তির সংস্কৃতির শিক্ষা শুরু করা উচিত। পারিবারিক এই শিক্ষাই সমাজ থেকে দেশ, দেশ থেকে বিশ্বব্যাপী শান্তির সংস্কৃতি ও সহনশীলতার আন্দোলনকে বেগবান করতে পারে।

সম্প্রতি মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা বিশাল জনগোষ্ঠী বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধসহ দুর্দশাগ্রস্ত মানুষদের নিয়ে যে গুরুতর চ্যালেঞ্জ বাংলাদেশ মোকাবিলা করছে সে বিষয়ে রাষ্ট্রদূত পরিষদকে অবহিত করেন এবং শান্তি ও মানবতা রক্ষার স্বার্থে এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি মনোনিবেশ প্রত্যাশা করেন।

৭ সেপ্টেম্বর সকালে শুরু হওয়া শান্তির সংস্কৃতির সাধারণ বিতর্ক অংশে সভাপতিত্ব করেন সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন। সভায় প্রধান বক্তা ছিলেন নোবেলজয়ী বেটি উইলিয়ামস।

বিকেলে সংশ্লিষ্ট বিষয়ের ওপর অনুষ্ঠিত হয় একটি প্যানেল আলোচনা। আলোচনার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও জাতিসংঘের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত আনোয়ারুল করিম চৌধুরী। ইউনেসকোর সাবেক মহাপরিচালক ও কালচার অফ পিচ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ফেডারিকো মেয়র, শিশুদের প্রতি সহিংসতা বিরোধী জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ড. মারতা স্যানতোজ পাইজ ও ইউনিসেফের প্রতিষ্ঠান আর্লি চাইলহুড পিচ কনসোর্টিয়ামের চেয়ারপরসন ড. রিমা সালাহ্সহ এনজিও, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও সদস্য রাষ্ট্রের প্রতিনিধিবর্গ এই ইন্টারেকটিভ প্যানেল আলোচনায় অংশ নেন।