শান্তির সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার আহ্বান রাবাব ফাতিমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিচ্ছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা
জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিচ্ছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

প্রতি বছরের মতো এবারও জাতিসংঘ সাধারণ পরিষদে ১২ ডিসেম্বর বাংলাদেশ উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাব সর্ব সম্মতিতে গৃহীত হয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বাংলাদেশের পক্ষে প্রস্তাবটি উপস্থাপন করেন। তিনি বিশ্বব্যাপী শান্তির সংস্কৃতিকে এগিয়ে নিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থায়ী প্রতিনিধি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ক্ষমতায়ন ও শান্তির সংস্কৃতির ধারক ও বাহক। তাঁর প্রথমবারের সরকারের সময় ১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর জাতিসংঘ সর্ব সম্মতিক্রমে প্রস্তাব ৫৩/২৪৩ অর্থাৎ এই শান্তির সংস্কৃতি প্রস্তাব গ্রহণ করে। সেই থেকে প্রতি বছর বাংলাদেশ এই প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থাপন করে আসছে। প্রতি বছরই সর্ব সম্মতিক্রমে তা গৃহীত হচ্ছে।
রাবাব ফাতিমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ও তাঁর রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ এর আলোকে ‘জন কেন্দ্রিক উন্নয়ন কৌশল’ বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এ বছর ১৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শান্তির সংস্কৃতি প্রস্তাবের ২০ বছর পূর্তি উদ্‌যাপনের কথা স্মরণ করে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, ‘এটি টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০-এর পূর্ণ ও কার্যকর বাস্তবায়নে শান্তির সংস্কৃতির প্রয়োজনীয়তাকেই স্বীকৃতি দিয়েছে। শান্তির সংস্কৃতি এমনই একটি ব্যাপকভিত্তিক ধারণা যা এজেন্ডা ২০৩০ বাস্তবায়ন পরবর্তী সময়েও শান্তির বার্তাকে শক্তিশালী করতে সমভাবে কার্যকর ভূমিকা রাখবে।’
স্থায়ী প্রতিনিধি বলেন, সামনের বছর বিশেষ করে জাতিসংঘের ৭৫ বছর পূর্তিসহ ‘বেইজিং+ ২৫’ বার্ষিকী এবং ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডার ২০ বছর পূর্তি উদ্‌যাপন শান্তির সংস্কৃতি ধারণাকে আরও কার্যকর ভাবে তুলে ধরতে ভূমিকা রাখবে।
এ বছর বিশ্বের ১২৬টি দেশ বাংলাদেশের এই প্রস্তাবে কো-স্পনসর করেছে যা এ যাবৎকালের সর্বোচ্চ। এই সমর্থন বিশ্ব শান্তির ক্ষেত্রে বাংলাদেশের অবদানের প্রতি বিশ্ববাসীর গভীর আস্থারই বহি: প্রকাশ।