শান্তিরক্ষীদের প্রশিক্ষণে ত্রি-পক্ষীয় সহযোগিতা দরকার

জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রশিক্ষণ অর্জনে জাতিসংঘ সদর দপ্তর, সদস্য রাষ্ট্র ও শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে ত্রি-পক্ষীয় সহযোগিতা বিনির্মাণের ওপর জোর দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
৭ মে নিরাপত্তা পরিষদে ‘শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বিনির্মাণ’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, শান্তিরক্ষীরা বহুমুখী ও জটিল রাজনৈতিক-সাংস্কৃতিক পরিবেশে কাজ করে থাকেন। এ জন্যই এই ব্যাপকভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা প্রয়োজন। শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বিনির্মাণের এই আলোচনায় স্থায়ী প্রতিনিধি তিনটি বিষয়ের অবতারণা করেন। বিষয় তিনটি হলো—১. প্রশিক্ষণের অগ্রাধিকারসমূহ। ২. অংশীদারত্ব এবং ৩. অনুশীলন।
প্রশিক্ষণের অগ্রাধিকার বিষয়ে রাষ্ট্রদূত মাসুদ বাংলাদেশের অগ্রাধিকারগুলোর বিশেষ করে যৌন সহিংসতা ও এর অপব্যবহার রোধে শান্তিরক্ষীদের পদায়নপূর্বক প্রশিক্ষণ প্রদানের কথা উল্লেখ করেন। এ ছাড়া এ বিষয়ে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেইনিংয়ের (বিপসট) অধীনে গৃহীত বিভিন্ন প্রশিক্ষণ যেমন—পটেনশিয়াল অবজারভার অ্যান্ড স্টাফ অফিসার্স কোর্স, ওয়ারেন্ট অফিসার অ্যান্ড নন-কমিশন্ড অফিসার্স পিস সাপোর্ট অপারেশন কোর্স, কন্টিনজেন্ট মেম্বার কোর্স, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং আধুনিক সরঞ্জামাদি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণের কথা উল্লেখ করেন। এসব কোর্স ‘জাতিসংঘের সুনির্দিষ্ট প্রশিক্ষণ কারিকুলাম’ অনুসরণ করে প্রস্তুত করা হয় এবং জাতিসংঘের পিস কিপিং অপারেশন বিভাগের ‘সমন্বিত প্রশিক্ষণ সার্ভিস’ এর সর্বশেষ নীতি ও দিক-নির্দেশনা অনুযায়ী নিয়মিতভাবে হালনাগাদ করা হয়।
অংশীদারত্ব বিষয়ে রাষ্ট্রদূত মাসুদ বাংলাদেশের সঙ্গে জার্মানি, আমেরিকার প্যাসিফিক কমান্ড ও জাতিসংঘের পিস কিপিং অপারেশন বিভাগের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে গৃহীত ও গৃহীতব্য বিভিন্ন প্রশিক্ষণের উদাহরণ দেন। যেমন—প্রশিক্ষকদের জন্য আইইডি প্রশিক্ষণ, অপারেশনাল প্রস্তুতি অর্জন বিষয়ক সেমিনার এবং ভবিষ্যতে অনুষ্ঠিতব্য ‘বেসামরিক কর্মীদের ব্যাপকভিত্তিক সুরক্ষা’ বিষয়ক কোর্স।
অনুশীলনের ক্ষেত্রে স্থায়ী প্রতিনিধি জাতিসংঘের অন্যান্য মিশনের অভিজ্ঞতা ও অনুশীলন এবং মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশমালা গ্রহণের ওপর জোর দেন যাতে মানবাধিকার, শান্তিরক্ষী ও বেসামরিক কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ক প্রশিক্ষণে বাস্তবভিত্তিক বিষয়গুলোকে আমলে নেওয়া যায়।
যৌন সহিংসতা ও এর অপব্যবহারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো-টলারেন্স নীতির কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত মাসুদ। শান্তিরক্ষী সৃষ্ট যেকোনো ধরনের যৌন অপব্যবহার ও সহিংসতার বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিবের জিরো টলারেন্স নীতির প্রতিও তিনি বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনরুল্লেখ করেন। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শান্তিরক্ষী সৃষ্ট যৌন অপব্যবহার ও সহিংসতা প্রতিরোধে গঠিত ‘সার্কেল অব লিডারশিপ’ এর একজন সদস্য মর্মেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালে নারী শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থান অধিকার করেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চলতি মে মাসের সভাপতি ইন্দোনেশিয়া এই উন্মুক্ত আলোচনার আয়োজন করে। উদ্বোধনী বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ। জাতিসংঘ মহাসচিব তাঁর ভাষণে ব্যাপকভিত্তিক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট ম্যান্ডেটগুলোর উন্নয়ন ও শক্তিশালীকরণের ওপর জোর দেন। নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রসহ ৬০ টিরও বেশি দেশ এই উন্মুক্ত আলোচনায় অংশ নেয়।