শাপলার বাউলা গানে মজল প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভার্জিনিয়ায় শাপলা শালুকের একক সংগীতানুষ্ঠানে উপস্থিত দর্শকেরা
ভার্জিনিয়ায় শাপলা শালুকের একক সংগীতানুষ্ঠানে উপস্থিত দর্শকেরা

যুক্তরাজ্যে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাউল শিল্পী শাপলা সালিকের গানে মুগ্ধ ওয়াশিংটনপ্রবাসী সংগীতপ্রেমীরা। ৩ নভেম্বর সন্ধ্যায় ওয়াশিংটনের সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদের আয়োজনে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে থমাস এডিসন হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বাউল শিল্পী সিলেটের মেয়ে শাপলা সালিকের একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে তিনি গাইলেন লালন ফকির দুরবীন শাহ, শাহ আবদুল করিমের গান।
মঞ্চে শাপলা একে একে পরিবেশন করেন—‘বাউলা কে বানাইল রে’, ‘খেপা’, ‘আমি ওপার হয়ে বসে আছি’, ‘ঝিলমিল ঝিলমিল’, ‘সাধের লাউ’, ‘তোমার ঘরে বসত’, ‘মনের মানুষ’, ‘সময় গেলে সাধন’, ‘বন্ধে মায়া লাগাইছে’, ‘বারামখানা’, ‘বলি মা’ ইত্যাদি। তবলায় ছিলেন শাপলার ছোট ভাই উচ্ছল। মধ্যরাত পর্যন্ত চলে শাপলা সালিক ও তার দলের মনোমুগ্ধকর পরিবেশনা। তুমুল করতালি আর শাপলার সঙ্গে গলা মিলিয়ে দর্শক শ্রোতারাও উপভোগ করতে থাকেন তাঁর অনবদ্য পরিবেশনা।

গান পরিবেশন করছেন শাপলা শালিক
গান পরিবেশন করছেন শাপলা শালিক

সিলেটের তাজপুরের বিখ্যাত সংগীত সাধক আজফর আলী পরিবারে শাপলার জন্ম এবং ওখানেই তার বেড়ে উঠা। তিন বছর বয়সেই শাপলার গান গাওয়া শুরু। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে শাপলা যুক্তরাজ্যে চলে যান। ১৯৭০ সালে শাপলার বাবা আজহার অালী শালিক লন্ডনে আসেন। ১৯৭৯ সালে তিনি লন্ডনে বাংলাদেশি সংগীত দল ‘দিশারী শিল্পী গোষ্ঠী’ প্রতিষ্ঠা করেন। শাপলা লন্ডনে বসবাসের শুরুতেই দিশারী শিল্পী গোষ্ঠীর প্রধান গায়িকা হিসাবে সংগীত পরিবেশনা শুরু করেন। সেই থেকে তাঁর সংগীত জীবনের পথ চলা শুরু। সেই থেকে শাপলা লন্ডনের কুইন এলিজাবেথ হল ও সংসদের হাউসগুলোর মতো ঐতিহাসিক স্থানগুলোতে সংগীত পরিবেশন করেছেন। ১৯৯৬ সালে শাপলার প্রথম সিডি ‘জিওলা’, ১৯৯৭ সালে ‘সিয়োনা না সিয়োনা”, এবং ২০০২ সালে ‘লাই লাই’ প্রকাশিত হয়।
বাংলার রূপ রস ঐতিহ্য সংস্কৃতি বুকে ধারণ করে বাউল গানের সঙ্গে প্রাচ্যের যন্ত্র সংগীতের সুর তাল মিশিয়ে মনের আনন্দে শাপলা সংগীত পরিবেশন করে। বাংলা আর বাউল গান নিয়ে সারা বিশ্বে ছুটে চলছে শাপলা। ধ্রুপদের আয়োজনে এই প্রথম শাপলা আমেরিকার ওয়াশিংটনে সংগীত পরিবেশন করলেন। মুগ্ধ করলেন দর্শক শ্রোতাদের।