শামস আল মমীনের নির্বাচিত কবিতা নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি শামস আল মমীনের নির্বাচিত কবিতা বই নিয়ে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
কবি শামস আল মমীনের নির্বাচিত কবিতা বই নিয়ে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

কবি শামস আল মমীনের নির্বাচিত কবিতা বই নিয়ে আলোচনা অনুষ্ঠান করেছে সাংস্কৃতিক সংগঠন বহুবচন। অনুষ্ঠানে কবিতা নিয়ে আলোচনা ছাড়াও কবির লেখা বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি করা হয়।
গত ৭ জানুয়ারি সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউর স্মারক একাডেমিয়ায় এ আলোচনা অনুষ্ঠান হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি এ বি এম সালেহউদ্দিন ও কবি স্বপ্ন কুমার।
কবির কবিতা আবৃত্তি করে শোনান লুৎফুন্নাহার লতা, শিরীন বকুল, মিজান বিপ্লব, ছন্দা বিনতে সুলতান, নাসিমা আখতার ও মার্ক ওয়াইনবার্গ। লুৎফুন নাহার লতা ও মার্ক ওয়াইনবার্গের ইংরেজি কবিতার আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। শিরীন বকুলের ‘মা’ কবিতাটির আবৃত্তি ছিল মর্মস্পর্শী।
কবির অনুবাদ থেকে মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত ভাষণ ‘আই হ্যাভ এ ড্রিম’ এর অংশবিশেষ পড়ে শোনান মুজিব বিন হক। কবির কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন কৌশিক আহমেদ ও আহমাদ মাযহার।

কৌশিক আহমেদ সম্পাদনার সূত্রে দীর্ঘদিন ধরে শামস আল মমীনের কবিতা পর্যবেক্ষণ করে আসছেন। তিনি বলেন, পরিমিতিবোধ ও পরিশীলনের পরিচয় আছে শামস আল মমীনের কবিতায়। প্রবাস জীবনভিত্তিক কবিতা কেমন হতে পারে তা অনুভব করার জন্য শামস আল মমীনের কবিতা পাঠ করার জন্য তরুণ কবিদের প্রতি আহ্বান জানান তিনি।
লেখক ও সাহিত্য সমালোচক আহমাদ মাযহার বলেন, মুখের কথার সরল ভঙ্গিতে শামস আল মমীন তাঁর কবিতার ভাব প্রকাশ করেন। এটা তাঁর কবিতার উল্লেখযোগ্য স্বাতন্ত্র্য।
কবি শামস আল মমীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি প্রস্তুতি নিয়েই লেখা শুরু করেছেন। তাঁর মনে হয়েছে অন্যদের চেয়ে আলাদা না লিখতে পারলে লিখে লাভ কী!
সবশেষে কবি উপস্থিত দর্শকদের প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবু রায়হান।