শার্লটসভিলে এক নয়া নাৎসিবাদের উত্থানপর্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভার্জিনিয়ার শারলটসভিলের প্যারামাউন্ট থিয়েটারে হেদার হায়ারের স্মরণে আয়োজিত সভায় এভাবে কান্নায় ভেঙে পড়েন তাঁর চেনা–অচেনা স্বজনেরা l ছবি: রয়টার্স
ভার্জিনিয়ার শারলটসভিলের প্যারামাউন্ট থিয়েটারে হেদার হায়ারের স্মরণে আয়োজিত সভায় এভাবে কান্নায় ভেঙে পড়েন তাঁর চেনা–অচেনা স্বজনেরা l ছবি: রয়টার্স

আমেরিকার ভার্জিনিয়ার শার্লটসভিলের শ্বেতাঙ্গ উগ্রপন্থীদের সহিংসতা নিয়ে এরই মধ্যে অনেক কাণ্ড হয়ে গেছে। গণতান্ত্রিক আমেরিকার খোলসের নিচের বর্ণবাদী রূপটি এ ঘটনার মধ্য দিয়ে সামনে এসেছে। এ জন্য শার্লটসভিলের ঘটনাকে ধন্যবাদ দেওয়াই যায়। কট্টর জাতীয়তাবাদী ‘মার্কিন শ্রেষ্ঠত্ব’ ধারণার উত্থান হয়েছিল আগেই, যা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে প্রাথমিক পরিণতি পায়। কিন্তু শার্লটসভিলের ঘটনা এ ধারণার প্রায়োগিক প্রাবল্যটিকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
এমন নয় যে শার্লটসভিলের ঘটনা কিংবা ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে আমেরিকানদের মধ্যে বর্ণবাদী মনোভাব ছিল না। নিশ্চিতভাবেই ছিল। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এ মনোভাবকে উৎসাহিত করার মধ্য দিয়ে এখন এটি দেশটির চরিত্র হয়ে ওঠার আশঙ্কায় রয়েছে, যাকে বিশ্লেষকেরা দেখছেন নয়া নাৎসিবাদের উত্থানপর্ব হিসেবে।
ওয়াশিংটন পোস্টে আবিগালি হসলোনার, পল ডুগান, জ্যাক গিলাম ও অ্যারন সি ড্যাভিসের লেখা প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন নাগরিকদের অনেকের মধ্যেই বিদ্যমান বর্ণবাদী মনোভাবের কথা। প্রতিবেদনে জেমস এ ফিল্ডসের কথা উঠে এসেছে, যিনি ছিলেন শার্লটসভিলের উদারপন্থীদের ওপর গাড়ি তুলে দিয়েছিলেন।
হাইস্কুলের শেষ পর্যায়ে ফিল্ডসের লক্ষ্য ছিল মার্কিন সমর বাহিনীতে নিজের ভবিষ্যৎ গড়ার। যদিও তাঁর রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি ছিল মার্কিন মূল্যবোধের পরিপন্থী। তাঁর অনুরাগের কেন্দ্রে ছিল ‘থার্ড রাইখ’র মূল ভিত্তি কর্তৃত্ববাদ ও বর্ণবাদী শুদ্ধতার মতবাদ। আর ফিল্ডসে নাৎসিবাদী মনোভাব নিয়েই গণতান্ত্রিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সমর বাহিনীতে কাজ করতে চাইছিলেন। তাঁর এ মনোভাবের কথা জানা যায়, তাঁরই একসময়ের প্রিয় শিক্ষক ডেরেক ওয়েইমারের কাছ থেকে।
২০১৫ সালে ফিল্ডস ওয়েইমারকে বলেছিলেন, তাঁর মানসিক অবস্থার কারণে তিনি সামরিক বাহিনীতে যোগ দিতে পারেননি। এ ঘটনায় ওয়েইমার বিস্মিত হননি। কারণ, তিনি জানতেন যে ফিল্ডস সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। এমনকি তাঁকে এ জন্য নিয়মিত ওষুধও সেবন করতে হয়েছে।
এখন ফিল্ডসের বয়স ২০ বছর। আর তিনি ১২ আগস্ট শার্লটসভিলের সহিংসতার দায়ে অভিযুক্ত। কেন্টাকি ন্যাশনাল গার্ডের সাবেক কর্মকর্তা ওয়েইমার ফিল্ডসকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেন। তাঁকে নয়া নাৎসিবাদী মনোভাব থেকে সরিয়ে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি যে সফল হননি তা তো এখন প্রমাণিত। ১২ আগস্ট উগ্রপন্থীদের সহিংস স্লোগান ও দেহভঙ্গির প্রতিবাদকারীদের ওপর গাড়ি তুলে দিয়ে হেদার ডি হায়ারকে হত্যা ও ১৯ জনকে আহত করা হলো, সেই গাড়িটির চালক ছিলেন ফিল্ডস। ফিল্ডসের মানসিক বিকারগ্রস্ততা এ ঘটনাকে কোনোভাবেই জায়েজ করে না। কারণ, সেখানে উপস্থিত শ্বেতাঙ্গ উগ্রপন্থীদের সবার মুখেই উচ্চারিত হচ্ছিল প্রচণ্ড বর্ণবাদী ও হিংসাত্মক স্লোগান।
এটা সত্য যে ফিল্ডসের বিরুদ্ধে আগে থেকেই পারিবারিক সহিংসতার অভিযোগ ছিল। তিনি তাঁর পক্ষাঘাতগ্রস্ত মাকে নির্যাতন করতেন। এ জন্য তাঁর নামে একাধিকবার ৯১১ অভিযোগও জমা পড়েছিল। ফিল্ডসের প্রতিবেশীরাও মায়ের প্রতি তাঁর নির্দয় আচরণের সাক্ষ্য দিয়েছেন, যা উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তাঁর মা অবশ্য জানিয়েছেন যে তিনি তাঁর সন্তানের অন্ধকার দিকটি সম্পর্কে অবহিত ছিলেন না। কিন্তু ফিল্ডসের অনেক পরিচিতজনই এ বিষয়ে অবগত ছিলেন। এর মধ্যে রয়েছে, তার ২০ সহপাঠী ও তিন শিক্ষকও, যাঁরা হিটলারের প্রতি ফিল্ডসের মোহগ্রস্ততার কথা জানতেন। এমনকি ২০ সহপাঠীকে নিয়ে ফিল্ডস ডাচাউ ভ্রমণ করেছিলেন, যেখানে নাজিরা হাজারো ইহুদিকে হত্যা করেছিল।
১২ আগস্ট জেনারেল রবার্ট ই লির ভাস্কর্যের সামনে ভ্যানগার্ড আমেরিকা ও নাজি চিহ্নবাহী ঢালের পেছনে ফিল্ডস একা ছিলেন না। এমনকি দলবদ্ধ একটি ছবিতে ফিল্ডসকেই বরং কিছুটা নমনীয় মনে হয়েছে। অর্থাৎ ফিল্ডস সে দিনের জমায়েতের একজন মাত্র। ফিল্ডস বেড়ে উঠেছিলেন কেন্টাকির রিপাবলিকান অধ্যুষিত বুন কাউন্টিতে। গত নির্বাচনে ট্রাম্প এ কাউন্টির ৬৮ শতাংশ ভোট পেয়েছিলেন। শৈশব থেকেই ফিল্ডস একাকিত্বে ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর প্রতিবেশীরা। তাঁর সহিংস হয়ে ওঠা বা কট্টর হয়ে ওঠার পেছনে এ কারণটিকে অনেকেই এগিয়ে রাখছেন। সে ক্ষেত্রে এ প্রশ্ন তো উঠতেই পারে যে আমেরিকার মতো একটি ব্যস্ত সমাজে জন্ম নেওয়া কোন শিশুটি একাকিত্বে ভুগছে না? উগ্রপন্থা কি তবে সমাজের প্রতিটি নিঃসঙ্গ মানুষের মধ্যে প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তুলবে? প্রশ্নটি গুরুতর। এর উত্তর সম্ভবত সারা বিশ্বে বিভিন্ন নামে ছড়িয়ে পড়া কট্টরবাদী তৎপরতা এবং তাতে তরুণ ও যুবাদের অংশগ্রহণের মধ্যে নিবদ্ধ।
এটা মনে রাখতে হবে যে ইউরোপ ও আমেরিকায় নয়া নাৎসিবাদের ধারণাটি নতুন নয়। ১৯৭৭ সালের আগস্টে লন্ডনের লেউইশ্যাম এলাকায় প্রায় ৫০০ স্বঘোষিত নয়া নাৎসিবাদী জড়ো হয়েছিল তথাকথিত কৃষ্ণাঙ্গদের অপরাধের প্রতিবাদের নামে। এর বিপরীতে প্রায় চার হাজার উদারপন্থী জড়ো হলে তারা তাদের পরিকল্পিত সহিংস মিছিলটি করতে পারেনি। ১৯৮০ সালের দিকে নয়া নাৎসিবাদ আর গোপন কোনো ধারণা থাকেনি। বরং তা পথের আন্দোলনে রূপ নিতে শুরু করে। সে সময় এ ধরনের আন্দোলনের মূল ক্ষেত্র ছিল যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইডেন। কিন্তু ‘ব্যাটল অব লেউইশ্যামের’ ৪০ বছরের মাথায় একই ধরনের মিছিল ও সহিংসতা দেখল আমেরিকা।
অ্যাগেইনস্ট দ্য ফ্যাসিস্ট ক্রিপ গ্রন্থের লেখক ও পোর্টল্যান্ড স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলেক্সান্ডার রেড রস বলছেন, ১৯৭৫ সালে ডেভিড ডিউকের ‘কু ক্লাক্স ক্ল্যান’ বা কেকেকে খ্যাত আন্দোলনের পর এটিই আমেরিকার ফ্যাসিবাদীদের পুনর্জন্ম। সে সময়ের পর আমেরিকায় প্রকাশ্যে এত ব্যাপক ফ্যাসিবাদী জমায়েত আর দেখা যায়নি।
গত দুই দশক ধরেই আমেরিকায় নয়া ফ্যাসিবাদের বিস্তার ঘটতে থাকে, যার ভিত্তিভূমিতে ছিল ১৯৩০ দশকের ফ্যাসিবাদী প্রপঞ্চ। বিশেষত ইন্টারনেটে ইতিহাস পাঠের অংশ হিসেবেই এসব ধারণা ছড়িয়ে পড়ে, যাতে কার্যত প্রভাবিত হয় তরুণেরাই। গোপন পর্যায়টি উত্তরণের জন্য সংগঠিত হওয়ার কাজটিও কার্যত সম্পন্ন হয় ইন্টারনেট সংযোগের মধ্য দিয়েই। এ ক্ষেত্রে নয়া নাৎসিবাদ প্রচারের অন্যতম অনুষঙ্গ হিসেবে হাজির হয় ‘আয়রনিক নাজি’ কার্যক্রম, যার দ্বারা গণহত্যাকে পরিণত করা হয় কৌতুকের বিষয়ে। এর মধ্যে রয়েছে বিভিন্ন রগরগে সিনেমাও, যার একটি বড় অংশই যৌনতায় ভরপুর। আর এসবই হতাশাগ্রস্ত ও নিঃসঙ্গ তরুণদের আকৃষ্ট করার প্রয়াস। নাজি প্রতীক, পতাকা ও স্লোগানের জনপ্রিয়তা বৃদ্ধি এর সাফল্যের বড় প্রমাণ।
সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, মার্কিন এ শ্বেতাঙ্গ উগ্রপন্থীরা জানে যে তারা একা নয়। তাদের বন্ধু রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। প্রকাশিত এক ভিডিওতে ভার্জিনিয়ার শার্লটসভিলে আসা এক শ্বেতাঙ্গ উগ্রপন্থীর কণ্ঠে শোনা গেছে গ্রিসের ‘গোল্ডেন ডনের’ প্রশংসা। এ গোল্ডেন ডন নামের নয়া নাৎসিবাদী দলটিই গ্রিসের অভিবাসীদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। এ ছাড়া সংযোগ রয়েছে গৃহীত কর্মসূচিতেও। চলতি সপ্তাহে আমেরিকায় বিভিন্ন অঞ্চলে উগ্রপন্থী দলগুলোর অন্তত নয়টি মিছিল-সমাবেশ করার পরিকল্পনার কথা জানা গেছে। একই সময়ে জার্মানিতেও একই ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সেখানকার নয়া নাৎসিবাদীরা। জার্মানিতে নাৎসিবাদী প্রতীক ও স্লোগান নিষিদ্ধ হওয়ায় এ ধারার গোষ্ঠীগুলোর পক্ষে প্রকাশ্য কর্মকাণ্ড পরিচালনা তুলনামূলক কঠিন। এর বিপরীতে আমেরিকায় এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। একই সঙ্গে রয়েছে অস্ত্র বহনে শৈথিল্য। আর রয়েছেন কট্টরবাদের প্রতি উদার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এসব মিলিয়েই আমেরিকায় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের ধারণা ক্রমেই জোরদার হচ্ছে, যার সর্বশেষ উগ্র মঞ্চায়ন হয়েছে শার্লটসভিলেতে, যেখানে শ্বেতাঙ্গ উগ্রপন্থীরা জড়ো হয়েছিল রণসাজে সেজে। সেদিনের ঘটনায় কোনো গোলাগুলি না হলেও, তা উদারপন্থীদের আতঙ্কিত করার জন্য যথেষ্ট ছিল। ফলে দেশটির ফ্যাসিস্টবিরোধী অংশের মধ্যেও আত্মরক্ষার্থে অস্ত্র বহনের প্রয়োজনীয়তার বিষয়টি দিন দিন জোরদার হচ্ছে। আর এমনটি চললে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হওয়াটা অস্বাভাবিক নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।