শার্লটে বিক্ষোভ থামেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গুলিতে কিথ ল্যামন্ট স্কট নামের এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সমালোচনার মুখে এ ঘটনার একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে পুলিশ। কিন্তু তা বিতর্কের জন্ম দিয়েছে। এতে আস্থা রাখতে পারছে না স্থানীয় লোকজন। ফলে বিক্ষোভ কোনোভাবেই থামছে না।
বার্তা সংস্থা এএফপি জানায়, কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার চার দিন পর স্থানীয় লোকজনের দাবির মুখে ওই ব্যক্তির শরীরে থাকা ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। অস্ত্র ও গাঁজার ছবি প্রকাশ করে পুলিশ দাবি করছে, এগুলো ওই ব্যক্তির কাছে ছিল। অবশ্য নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা দাবি করছেন, কিথ স্কটের কাছে পিস্তল নয়, বই ছিল। স্কটের মা ভারনিটা স্কট ওয়াকার গণমাধ্যমকে বলেন, তাঁর ছেলে সম্ভবত ওই সময় কোরআন শরিফ পড়ছিলেন।
টহলে থাকা একটি গাড়ির ড্যাশবোর্ডে থাকা ভিডিও চিত্রে দেখা যায়, ল্যামন্ট স্কট তাঁর গাড়ি থেকে নেমে হেঁটে যান। তাঁর হাত নিচে নামানো ছিল। হাতে কিছু ছিল কি না, তা স্পষ্ট নয়। এ সময় চারটি গুলির আওয়াজ পাওয়া যায় এবং তাঁকে পড়ে যেতে দেখা যায়। শরীরে থাকা ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিথ স্কট গাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। এ সময় তাঁর হাত নামানো ছিল। তবে সেখানে গুলির মুহূর্তের ভিডিও ফুটেজ নেই। পরে দেখা যায়, স্কট মাটিতে পড়ে আছেন। তাঁর আশপাশে পুলিশের কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন।
তবে পরিবারের এই দাবি মানতে নারাজ শার্লট পুলিশের প্রধান ক্যার পুটনি। তিনি বলেন, স্কটের হাতে অবশ্যই হ্যান্ডগান ছিল। স্কটের পারিবারিক আইনজীবী জাস্টিক বামবার্গ বলেছেন, সর্বশেষ ভিডিও ফুটেজের ঘটনা আরও প্রশ্নের জন্ম দিয়েছে। সেখানে স্কটের হাতে অস্ত্র দেখা যায়নি।
হামলার পর ওই ব্যক্তির স্ত্রী তাঁর মুঠোফোনে ধারণ করা ভিডিও চিত্রও প্রকাশ করেছেন। সেখানে শোনা যায়, স্ত্রী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলছেন, স্কটের কাছে কোনো অস্ত্র নেই।