শাশুড়ি-শাশুড়ি ভাব
আজকাল আমার বুদ্ধির চায়ে ভাবের লিকার দুই চামচ নাকি বেশি পড়ে গেছে। অনেকটা কষ কষ লাগে। এইটা আমার স্বামীর কথা। ‘শাশুড়ি’ পদে প্রমোশন নেওয়ার পর থেকেই নাকি আমি সবকিছু বেশি বুঝি। মনের আকাশে ভাবের মেঘ অহেতুক আমি ছড়িয়ে রাখি।
আমার এই ভাবের রঙে কোনো কিছু রঞ্জিত হোক বা না হোক, আমার স্বামী মশাই যে বিরক্ত—সেটি আমি বেশ বুঝতে পারি। নামকরণে ওস্তাদ উনি। আমার এই ভাবেরও একটা নাম দিয়েছেন—‘শাশুড়ি শাশুড়ি ভাব’। আর বলছেন, সবাইকে সবকিছুতে মানায় না, বন্ধ করো তোমার ভাব। তবে এটি কি উনি বোঝেন, শাশুড়ি হওয়া কি মুখের কথা?
আজকাল যেখানেই যাই, আমাকে দেখার পর এই প্রশ্নটা সবাই করেন—শাশুড়ি হওয়ার পর আমার অনুভূতিটা কেমন? আসলে আমি নিজেই বুঝতে পারছি না, অনুভূতির আকাশে রংগুলো আসলে কেমন! আমি কি আগের মতোই আছি, নাকি বদলে গেছি?
নতুন জগতে আসার পর প্রথমে ছিলাম বাবা–মায়ের মেয়ে, তারপর দুই ভাইয়ের বোন। এভাবেই বড় হলাম; বিয়ে হলো। বিয়ের পর বউ হলাম, ভাবি হলাম। এরপর মা হলাম, এখন হলাম বহু কাঙ্ক্ষিত এক শাশুড়ি। সময়ের প্রবল টানে জীবন নামে নদীর ওপর কত যে সম্পর্কের সেতু তৈরি হয়! প্রতিটা সম্পর্কেই রয়েছে আলাদা আলাদা অনুভব। ভিন্ন ভিন্ন রং। বিচিত্র তার স্বাদ। বৈচিত্র্যময় জীবনে এত অভিজ্ঞতার সম্ভার নিয়ে আগের মতো আমি কেমনে থাকি? ঋতুর ছোঁয়ায় যদি প্রকৃতি বদলায়, মানুষ কেন দাঁড়িয়ে থাকবে ঠায়?
নতুন সম্পর্কে পদায়নে আমিও বদলাতে চেয়েছি খানিকটা। হতে চেয়েছি হাজার বছরের ঐতিহ্য-লালিত যথাযোগ্য এক শাশুড়ি। চেহারায় এনেছি কিছুটা ভারীত্বের প্রভা, আচরণে এনেছি গাম্ভীর্য। পোশাকে এনেছি মার্জিত আভা, ব্যবহারে এনেছি কর্তৃত্ব।
আসলে কখন কীভাবে জানি, আমার মাথায় এই অদ্ভুত ভাবের পয়দা হলো আমি নিজেই বুঝিনি। সবই নতুন পদ, মানে শাশুড়ির পদের দোষ। আমার কোনো দোষ নেই।
সবার মুখে একই উপদেশ, এখন শাশুড়ি হইছ, তাই একটু বুঝে শুনে চলবে, আগের মতো হাহাহিহি করবে না। তাহলে বউ মাথায় চড়ে বসবে। এসব শুনে শুনে আমার মনের আকাশে ভাব জমেছে। শাশুড়ি হওয়ার ভাব।
শাশুড়ি হওয়ার পর থেকেই আমি তাই অন্য রকম হয়ে গেছি। সব সময় একটু ভাব নিয়ে কথাবার্তা বলি। মনে মনে বউয়ের সামনে একটু ভাব দেখাই। বউ কিছু করতে গেলেই আমি আগ বাড়িয়ে বলি, এরকম করতে, ওই রকম বলতে, মনে মনে আমি সব জানি সব...।
বোধশক্তি যাদের প্রবল, তারা সহজেই বুঝে নেয় সময়ের বার্তা, অন্যের মনের গোপন কথাটি। আমাদের বউ-মা সেই দলেরই এক মানবী, যে ‘ক’ বলতেই বুঝে নেয় কলকাতার মহিমা। সে হয়তো ইতিমধ্যেই বুঝে ফেলেছে, আমার মনের গোপন ইচ্ছাটি। নিশ্চয় বুঝতে পারছে, আমি ওর সামনে বিচক্ষণ-বুদ্ধিমান হিসেবে নিজেকে তুলে ধরতে চাই।
হয়তো এই কারণেই যেকোনো কাজ করার আগেই বলে, মা আপনি বলেন কেমনে করব, কেমনে বলব, আপনি আমার থেকে অনেক অনেক ভালো বউ। আপনি আমার গাইড, সার্বক্ষণিক আইকন। দিদি (আমার শাশুড়ি) সব সময় বলেন আপনাকে জিজ্ঞেস করে সবকিছু করতে।
আসল কথা হলো, আম্মার (আমার শাশুড়ি) সামনে আমি সেই প্রথম দিন থেকে কিছুই না-বোঝা এক আনাড়ি। যা কিছু শিখেছি, যা কিছু অর্জন সবই ওনার কল্যাণে। উনিশ থেকে বিশ হলে এখনো তিনি সোজা করে দেন এক ধমকে। এমনই যখন নিজের অবস্থা, নতুন বউয়ের মুখে প্রশংসা শুনতে কার না ভালো লাগে! কার না গলে যেতে ইচ্ছে করে! আমিও গলে যাই প্রাপ্তি সুখের এক বাঁধভাঙা আনন্দে।
আমাদের বউ-শাশুড়ির পুরোনো সংসারে আমার বউ হলো নতুন এক সংযোজন। আজকাল মানুষ এক শাশুড়ির সঙ্গেই তাল-মিলিয়ে পারে না। সেখানে নতুন এই প্রজন্ম, শাশুড়ি কিংবা দাদি-শাশুড়ি উভয়ের সঙ্গেই খুব সুন্দরভাবে তালে তাল মিলিয়ে চলছে। ছন্দ-পতন ঘটেনি একটুও। নতুন পরিবেশে, সম্পূর্ণ নতুন এক পরিবারের সবার সঙ্গেই সে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে।
আসলে বউ আর শাশুড়ির সম্পর্ক সুন্দর করতে হলে আত্ম-অহমিকার উত্তাপ নয়, ব্যক্তিত্ব বিকাশের ঝলকানি নয়; কেবলই বন্ধুত্বের প্রয়োজন। মা-মেয়ের সম্পর্কের মতো উদারতা চাই, মায়াভরা ভালোবাসার সরলতা চাই। জানার যেমন শেষ নেই, শেখারও শেষ নেই এক জীবনে। আমি আবারও নতুন করে শিখছি। সেটা আমার বউয়ের কাছেই। আমি যতই ভাব দেখাই, সে ততই সুন্দরভাবে আমার সবকিছু মেনে নেয়। ওর সরলতা, ওর উদারতা আমাকে মুগ্ধ করে। ওর শর্তহীন ভালোবাসার তীব্রতার কাছে আমার শাশুড়িগিরির সব ভাব গলে গলে পানি হয়ে যায়।
কিছুদিন শাশুড়ি–শাশুড়ি ভাব নিয়ে চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আমি নিজেই এখন নিজের ওপর ত্যক্ত-বিরক্ত। মনে মনে ঠিক করলাম, অনেক হয়েছে, আর না। আমি আমার মতোই থাকব। বউকে শাশুড়ি-শাশুড়ি ভাব দেখাতে গিয়ে মুখের ওপর পরেছিলাম যে অচেনা মুখোশ সেটা এবার ছুড়ে ফেলব। আমার পক্ষে ভাব নিয়ে চলা সম্ভব না। আসলে সবার জন্য সবকিছু না। ভাবের মানুষ আমি নই। আমি হলাম ‘খাই-দাই গান-গাই, গান ফুরোলে কিছু নাই’ টাইপের নিরেট নির্ভেজাল মানুষ। কোনো কৃত্রিমতা আমার জন্য নয়।
অতএব স্বামীকে খুশি করতে নয়, নিজের ইচ্ছাতেই দুই চামচ লিকার কমিয়ে দিলাম। বুদ্ধির চায়ে কষ কষ ভাব কেটে যাবে নিশ্চয়!