শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনর্মিলনীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ট পার্কে গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্যে বিভিন্ন পেশায় কর্মরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায়। সকাল থেকেই নিউইয়র্কের বিভিন্ন বরো থেকে পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা পার্কে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১১টার দিকে সবার মধ্যে সকালের নাশতা বিতরণ করা হয়। এর পর শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। এ পর্বে ছিল পরিচিতি পর্ব ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্মৃতিচারণ। এর পর মহামারি শুরুর দিকে লকডাউনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরা হয়। পরে পরিবেশন করা হয় দুপুরের খাবার।

আড্ডার পর পার্কের মনোরম পরিবেশে শুরু হয় ফটোসেশন। পরিচয় পর্বে একে একে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে ২৮তম ব্যাচের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের স্মৃতিচারণের সময় তাঁদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে বক্তারা এমন একটি আয়োজনের জন্য আয়োজক ও অনুষ্ঠান সঞ্চালক বেলায়েত চৌধুরীকে ধন্যবাদ জানান।

পুনর্মিলনীতে অংশ নেন বিশ্ববিদ্যালয় ও অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ফরিদুল আলম, ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় ব্যাচের কামরুজ্জামান শাহীন, একই বিভাগের সাবেক শিক্ষার্থী ও নিউইয়র্ক আই অ্যান্ড ইয়ার ইনফারমেরি অব মাউন্ট সিনাইয়ের সহযোগী অধ্যাপক ড. আলাউদ্দিন ভূঁইয়া, রসায়ন বিভাগের চতুর্থ ব্যাচের বেলায়েত চৌধুরী, ষষ্ঠ ব্যাচের সায়েদ জাবেদুর মুনির ও একই ব্যাচের আহমেদুর রহমান, অর্থনীতি বিভাগের সপ্তম ব্যাচের অসীম কুমার সরকার, একই ব্যাচের আলমগীর হোসেন, সমাজ বিজ্ঞান বিভাগের ষষ্ঠ ব্যাচের মাহবুব আহমেদ, পিএসএ অষ্টম ব্যাচের আজহার আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের দশম ব্যাচের মো. মইনুল হোসেন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী লিমন, ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের মো. সাদিকুর রহমান সুফিয়ান, অর্থনীতি বিভাগের ১৪তম ব্যাচের এহেছানুল হক, পিএসএ দশম ব্যাচের আহমেদ ফাহাদ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আবু বকর সিদ্দিক, ব্যবসা প্রশাসন বিভাগের ষোড়শ ব্যাচের জাভেদ আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের মো. ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানের নতুন মুখ সাবেক শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিক, জাভেদ আহমেদ ও মো. ওমর ফারুক অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, সুদূর যুক্তরাষ্ট্রে এসে একসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের অগ্রজ-অনুজ ও ব্যাচমেটদের সান্নিধ্য পাওয়াটা ছিল অনেকটা স্বপ্নের মতো। এখন সবার সামনে ক্যাম্পাসের স্মৃতিচারণ করতে পেরে নিজেদের খুব আনন্দিত মনে হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অগ্রজ-অনুজ, ব্যাচমেটসহ সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এ বন্ধনকে আরও দৃঢ় করতে হবে।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা অনুষ্ঠানের আহ্বায়ক বেলায়েত চৌধুরী অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের পুনর্মিলনী আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।