শাহরিয়ার কবিরের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র শাখা হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শাহরিয়ার কবির
যুক্তরাষ্ট্র শাখা হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শাহরিয়ার কবির

নিউইয়র্ক নগরের ফরেস্ট হিল্‌সে স্থানীয় একটি রেস্তোরাঁয় ৯ জুন সন্ধ্যায় বাংলাদেশের মানবাধিকার কর্মী ও লেখক শাহরিয়ার কবিরের সঙ্গে যুক্তরাষ্ট্র শাখা হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঐক্য পরিষদের পক্ষ থেকে শাহরিয়ার কবিরের কাছে বেশ কিছু প্রশ্ন তুলে ধরে সেগুলোর ওপর তাঁর মন্তব্য জানানোর অনুরোধ করা হয়। প্রশ্নগুলোর মধ্যে ছিল বাংলাদেশে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের ভবিষ্যৎ কি, ১৯৭২ সালের সংবিধান কবে পুনঃপ্রতিষ্ঠিত হবে, কেন বাংলাদেশে নিরন্তরভাবে সংখ্যালঘু নির্যাতন অব্যাহত রয়েছে, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং সংখ্যালঘু নিরাপত্তা আইন প্রণয়ন কবে হবে, ওয়াজের নামে প্রতিদিন অমুসলিমদের বিরুদ্ধে বিষোদ্‌গার করে যে সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়া হচ্ছে সে ব্যাপারে সরকার কী করছে, রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অর্থায়নে তৈরি প্রায় দুই শ মাদ্রাসায় কী শিক্ষা দেওয়া হচ্ছে, সেগুলো মাদ্রাসা না হয়ে পাবলিক স্কুল হল না কেন, রোহিঙ্গা শরণার্থীদের যেহেতু মিয়ানমার ফেরত নেবে না তাদের কেন ওআইসিভুক্ত দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে নিতে কেন ক্যাম্পেইন করা হচ্ছে না ইত্যাদি।
কয়েকজন বক্তা অভিযোগ করেন, রোহিঙ্গা শরণার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা দেওয়ার নামে প্রায় ৫০টি এনজিও বিদেশ থেকে বিপুল পরিমাণে অর্থ এনে তরুণ রোহিঙ্গাদের জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে, যারা অদূর ভবিষ্যতে শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা দুনিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। একাধিক বক্তা শঙ্কা প্রকাশ করে বলেন, জঙ্গিরা কিছুদিনের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বড় আকারের সন্ত্রাসী আক্রমণ চালাতে পারে।
ঐক্য পরিষদ উত্থাপিত বিষয়গুলো যে অত্যন্ত দুঃখজনক এবং সেগুলোর আশু সমাধান প্রয়োজন সেটা স্বীকার করে শাহরিয়ার কবির প্রতিটি প্রশ্নেরই বিশদভাবে উত্তর দেন এবং সমস্যাগুলো সমাধানের পথনির্দেশ করারও চেষ্টা করেন।
সভায় তিন সংগঠনের সভাপতি নবেন্দু দত্ত, ড. টমাস দুলু রায় ও রণবীর বড়ুয়া, সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাস, বোর্ড অব ডাইরেক্টরস-এর সদস্যসচিব চন্দন সেনগুপ্ত, ড. সব্যসাচী ঘোষ দস্তিদার, ড. জিতেন রায়, শিতাংশু গুহ, সুকান্ত দাস টুটুল, মতিলাল দেবরায়, ড. শেফালী ঘোষ দস্তিদার, প্রতীপ দাশগুপ্ত, রাকেশ রায়, ড. দ্বিজেন ভট্টাচার্য, প্রকাশ গুপ্ত, প্রবীর মিত্র বড়ুয়া, আদর্শ বড়ুয়া, মারহিয়া রোজারিও বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।