শাহীন রেজা নূরের স্মরণে নিউইয়র্কে শোক সভা
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপটার আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন, অসাধারণ প্রতিভাবান ও নির্ভীক দেশপ্রেমিক সাংবাদিক শাহীন রেজা নূর চলে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও ভবিষ্যৎ প্রজন্ম।
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান, প্রজন্ম ’৭১-এর সাবেক সভাপতি, সাংবাদিক শাহিন রেজা নূরের স্মরণে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপটারের উদ্যোগে ভার্চ্যুয়াল শোক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপটারের সভাপতি, শাহীন রেজা নূরের ছোট ভাই ফাহিম রেজা নূর।
সভায় সংযুক্ত হয়েছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাইম উদ্দীন আহমেদ, শাহীন রেজা নূরের বড় ভাই মুক্তিযোদ্ধা শামীম রেজা নূর, ছোট ভাই সেলিম রেজা নূর ও তৌহিদ রেজা নূর প্রমুখ।
সভাপতির বক্তব্যে নুরুন নবী বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে শাহীন রেজা নূরের অবদান অপরিসীম। তিনি তার কথা ও তার লেখনীর মাধ্যমে মৃত্যুর আগে পর্যন্ত দেশের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত করার চেষ্টা করে গেছেন। তার অসাধারণ স্মৃতিশক্তি ও দেশপ্রেম আমাকে অভিভূত করেছে।
নিউইয়র্কের জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বলেন, সাংবাদিক শাহীন রেজা নূর অকালেই চলে গেলেন। একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে আমি তার যে দৃপ্ত পদক্ষেপ দেখেছি, সেই পদক্ষেপকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। মৃত্যুর আগ পর্যন্ত শাহীন রেজা নূরের প্রত্যয় ছিল বাংলাদেশ যেন ধর্মান্ধ, সাম্প্রদায়িক বা রাজাকারদের দেশে পরিণত না হয়।
কানাডার টরন্টোর কনসাল জেনারেল নাইম উদ্দীন আহমেদ বলেন, শাহীন রেজা নূর আমাদের মাঝে নেই। কিন্তু আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনাকে সমর্থন করি, আমরা যদি দেশকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাওয়াটা সমর্থন করি, তাহলেই শাহীন রেজা নূরের আত্মার প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে।
শোক সভায় আরও বক্তৃতা রাখেন শাহীন রেজা নূরের বড় ভাই মুক্তিযোদ্ধা শামীম রেজা নূর, ছোট ভাই ফাহিম রেজা নূর, সেলিম রেজা নূর ও তৌহিদ রেজা নূর। তাঁরা বলেন, আমাদের ভাই শাহীন রেজা নূর স্বেচ্ছায় বাবা শহীদ সিরাজুদ্দীন হোসেনের সাংবাদিকতার পথ বেঁচে নিয়েছিলেন দেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার জন্য এবং তাঁর মেধা, স্পৃহা ও সুপরিকল্পনায় আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। শাহীন ভাই চলে যাওয়ায় আমাদের পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হওয়ার নয়। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। সঙ্গে সঙ্গে তাঁকে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করায় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অস্ট্রেলিয়া থেকে কামরুল হাসান, কানাডা থেকে আওয়ামী লীগ নেতা শাহিদ রহমান ও তাজুল মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স থেকে মুস্তাফা সরোয়ার, বোস্টন থেকে বামন দাস, জর্জিয়া থেকে সাংবাদিক রুমি কবির, ফ্লোরিডা থেকে সাংবাদিক শামীম আল আমিন, নিউইয়র্ক থেকে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, মুক্তিযোদ্ধা শরিফ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাহমিনা শহীদ, কলামিস্ট কামাল হোসেন, আলমগীর ভূঁইয়া প্রমুখ। সভায় আরও যোগ দেন সাংবাদিক শীতাংশু গুহ, মাহবুবুর রহমান ভূঁইয়া ও শাহদাত হোসেন।
সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপটারের সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।