শায়লা আজিমের ভালোবাসার ঝুড়ি

খাবারের সঙ্গে একটা সুন্দর ঝুড়ি হাতে করে শায়লা আজিম আসলেন প্রথম আলো উত্তর আমেরিকা অফিসে। শায়লা আজিম নিউইয়র্কের এক পরিচিত নারী। ১৯৮৯ সাল থেকে প্রবাসী হয়েছেন। নিজের জীবন, জীবিকা ও সমাজসেবার নানা দিক নিয়ে তেমন কিছু বলতে চান না তিনি। তবু আলাপচারিতায়ই বেরিয়ে এসেছে সংগ্রামী সৃষ্টিশীল এ নারীর কথা।
১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত শায়লা আজিম আমেরিকার পাঁচ শতাধিক বাসার ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেছেন। ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ফ্যাশন ডিজাইনের কাজ করেন। হৃদয় রংধনু নামে একটি বুটিক শপ ছিল তাঁর। ২০১৪ সালে পারসোনা নিউইয়র্ক নামে বিউটি পারলারের ব্যবসা শুরু করেন। সুদূর আমেরিকায় এসে নয়, ১৯৮৬ সালে বাংলাদেশে বৈরী পরিবেশ উপেক্ষা করে বিউটি পারলারের ব্যবসা শুরু করেন তিনি।
কলেজে পড়া অবস্থায় ঢাকার বেইলি রোডে প্রিয়দর্শিনী নামে বিউটি পারলার ছিল শায়লা আজিমের। অনেক সাহসী নারী না হলে, সেই সময় পারলার করার কথা চিন্তাই করতে পারতেন না। কলেজে পড়াশোনার সময় থেকেই উপস্থাপনা, খবর পড়াসহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন শায়লা আজিম। বিভিন্ন পত্রিকায় লেখালেখিও করতেন। হৃদয় রংধনু নামে একটি কবিতার বইও আছে তাঁর।
জীবনের নানা পথ মাড়িয়ে সদা কর্ম উদ্যোগী এ নারী বর্তমানে চাইল্ড ডেভেলপমেন্ট ও অটিস্টিক শিশুদের ছয়টা স্কুলের চিফ অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন।
শায়লা আজিমের সঙ্গে গল্প করে এসব অনেক কিছুই জানা গেল। প্রথম আলো উত্তর আমেরিকা অফিসে নিয়ে আসা বেতের সুন্দর ঝুড়ির কথা জিজ্ঞেস করতেই শায়লা আজিম স্মৃতিকাতর হয়ে ওঠেন। জানালেন বাংলাদেশের আড়ং-এর অগ্রযাত্রার সঙ্গে নিজের জড়িয়ে পরার কথা।
‘যে বয়সে আমি আড়ং’কে ভালোবেসে তার সৃষ্টিকে বুকে ধারণ করেছি সেটা অনেকটা অবিশ্বাস্য। ২০০০ সালে মিলেনিয়াম ইয়ারের উৎসব সারা পৃথিবী জুড়ে। শায়লা আজিম বলছেন, ‘আমি পৌঁছে গেলাম ঢাকায়, ১৯৯৯ সালের ২৬ ডিসেম্বর। উৎসবে মাতোয়ারা ঢাকা শহর। একদল বন্ধু নিয়ে দিনরাত শপিং নিয়ে ব্যস্ত। আড়ং গুলশান স্টোরে গিয়ে চোখ আমার চড়ক গাছ। ওই বছর প্রথম আকাশ ছোঁয়া দামে হাতে তৈরি আমেরিকান ডায়মন্ড বসানো সিল্ক ড্রেস আমার চাই-ই চাই। ম্যানেজার জানালেন ইতালির মিলানের ২০০০ ইয়ারের ফ্যাশন শোর জন্য ওই পোশাক তৈরি হয়েছিল। ফ্যাশন শোর আগে কোনো বিক্রি হবে না। নাছোড়বান্দা আমি। দিনক্ষণ জেনে চড়ে বসলাম আমিরাতের ফ্লাইটে ইতালির উদ্দেশ্যে। এক সপ্তাহ অপেক্ষার পর চারটা ড্রেস আর তার সঙ্গে আড়ংয়ের তৈরি বাঁশ বেতের একটি ঝুড়ি নিয়ে নিউইয়র্কে ফিরেছি মহা আনন্দে। ১৯ বছর পরম যত্নে রেখে দেওয়া ঝুড়িটি এখন প্রথম আলোকে উপহার দিতে পেরে নিজের কাছেই আমার অনেক ভালো লেগেছে।’
বাংলাদেশের হস্তশিল্পের আন্তর্জাতিক যাত্রার স্মারক বাঁশ-বেতের ঝুড়িটি ইতালির মিলান থেকে শায়লা আজিমের হাত ধরে নিউইয়র্কে। প্রথম আলো উত্তর আমেরিকা অফিসে ঝুড়িভর্তি খাবার নিয়ে এসে শায়লা আজিম প্রথম আলোর প্রতি তাঁর ভালোবাসার কথা জানালেন। নানা সৃষ্টিশীল কর্মে এ উদ্যমী নারীর এগিয়ে যাওয়ায় সঙ্গে প্রথম আলো উত্তর আমেরিকার সংশ্লিষ্টরা থাকবেন ভালোবাসার সমর্থনে।